হাজারো কণ্ঠে কোটি বাঙালির নববর্ষ
হাজারো কণ্ঠে গান দিয়ে বর্ষবরণ করেছে সুরের ধারা। সেই কণ্ঠের অনুরণন ঘটেছে কোটি বাঙালির হূদয়ে। সবাই মিলেমিশে স্বাগত জানিয়েছে বাংলা নববর্ষ ১৪২০ সনকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো আড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করেছে সুরের ধারা ও চ্যানেল আই। আয়োজনের শীর্ষ নাম ‘হাজারো কণ্ঠে কোটি বাঙালির নববর্ষ’।মধ্যরাত থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিড় জমতে শুরু করে সব বয়সী মানুষের। ভোরের সূর্য ওঠার আগের সেই ভিড় জনারণ্যে পরিণত হয়। নতুন বছরকে স্বাগত জানানো হয় সেতার ও সরোদের যুগলবন্দীর সুরে। সেতার বাজান ফিরোজ খান, সরোদ ইউসুফ খান। তখন ভোর সাড়ে পাঁচটা। এ পর্যায়ে স্বাগত বক্তব্য দেন সুরের ধারার সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এরপর সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী। তারপর অবিরাম চলে সংগীত, নৃত্য ও আবৃত্তি। এর ফাঁকে ফাঁকে নিজেদের অনুভূতির কথা জানালেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, লেখক আনোয়ারা সৈয়দ হকসহ অনেকে। অনুষ্ঠান দেখতে আসেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের অনেকে। হাজারো শিল্পীর কণ্ঠ বাংলা নববর্ষকে বরণ করে নেয়। গেয়ে শোনানো হয় ‘ধ্বনিল আহ্বান’, ‘ওই আসন তলে মাটির’, ‘অম্বরে মেঘে মৃদঙ্গ বাজে’, ‘দুর্গম গিরি কান্তার’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ ইত্যাদি গান। এ পর্বের হাজারো কণ্ঠের শেষ গানটি ছিল ‘এসো হে বৈশাখ’। হাজারো কণ্ঠের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন শিল্পী রফিকুল আলম, ইয়াকুব আলী, ফরিদা পারভীন, রেবা সরকার, লীনা তাপসী, মহিউজ্জামান চৌধুরী, লিলি ইসলাম, মফিজুর রহমান, স্বাতী সরকার, রোকাইয়া হাসিনা, স্বপন বিশ্বাস, হিমাদ্রী শেখর, অভিক দেব, আদ্রিতা আনোয়ার, কৃষ্ণা আচার্য, জহির আলীম, অনিমা মুক্তি প্রমুখ। আয়োজনের দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিলেন ফিরোজা বেগম। তিনি গেয়ে শোনান নজরুলসংগীত ‘হে মায়াবী বলে যাও’। ভাওয়াইয়া গানের গুণী শিল্পী দিল আফরোজ রেবা শোনান ‘ও মোর বানিয়া বন্ধু রে’। এ পর্বে আরও গেয়ে শোনান সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম, আবিদা সুলতানা, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু প্রমুখ। দুপুরে চন্দনা মজুমদারের গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়।অনুষ্ঠান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক পাশজুড়ে ছিল বৈশাখী পণ্যে সাজানো অনেক স্টল। ছিল হরেক রকম খাবারের স্টলও।