হাজারো কণ্ঠে বর্ষবরণ
এবার একই মঞ্চে হবে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান। ১৩ ও ১৪ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে এ দুটি অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করছে সুরের ধারা ও চ্যানেল আই। এরই মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে বিশাল আকারের মঞ্চ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এ মঞ্চ থেকে পয়লা বৈশাখে সূর্যোদয়ের পর নতুন বছরকে বরণ করবেন ঢাকাসহ সারা দেশ থেকে আসা এক হাজার শিল্পী। সঙ্গে থাকবেন দেশের জনপ্রিয় ও বরেণ্য শিল্পীরা। সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমরা অনেক বছর ধরে লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান আয়োজন করছি। বছর শেষের এই অনুষ্ঠানের প্রতি এখন সবার যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রচুর দর্শক অনুষ্ঠান দেখতে আসে। আমাদের পক্ষে এখন আর স্থান সংকুলান করা সম্ভব হয় না। আর আশপাশের এলাকায় এ সময় তৈরি হয় প্রচণ্ড যানজট। যানজটের কারণে অনেকেই মাঝপথ থেকে ফিরে যান। এসব কারণ বিবেচনা করে এবার আমরা চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নিয়েছি। আশা করছি, এবার অনেক বেশি দর্শক অনুষ্ঠান উপভোগ করতে পারবে।’চ্যানেল আইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। চলবে রাত ১২টা পর্যন্ত। পরদিন ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত স্টুডিও এবং অনুষ্ঠানস্থল থেকে প্রচার করা হবে নানা অনুষ্ঠান। সকাল সাড়ে ছয়টায় হাজারো শিল্পীর কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। আর তা চলবে বেলা দুইটা পর্যন্ত। অনুষ্ঠান মঞ্চে হবে গান, নাচ ও আবৃত্তি। আর প্রাঙ্গণজুড়ে থাকবে বৈশাখী মেলা। এ দুটি আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।এদিকে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আগ্রহী সংগীতশিল্পীদের ২২, ২৩ ও ২৪ মার্চ বিকেল চারটা থেকে রাত ১০টার মধ্যে ২/৭ ব্লক-বি, লালমাটিয়ায় সুরের ধারা কার্যালয়ে এসে অথবা ০১৭৫৮৩৩৩০১৪ নম্বরে যোগাযোগ করার জন্য চ্যানেল আই থেকে অনুরোধ করা হয়েছে।