যে বন্ধু মাদক দেয়, সে প্রকৃত বন্ধু নয়। মাদক একটি মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। তাই দৃপ্ত শপথ নিয়ে সবাই মাদককে ‘না’ বলো। সবাই গেয়ে ওঠো জীবনের জয়গান।গতকাল শুক্রবার ঢাকার অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে মাদককে দূরে সরিয়ে এভাবেই সুস্থ-নির্মল জীবনযাপনের আহ্বান জানানো হলো বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টে। সেই আহ্বানে সাড়া দিয়ে হাজারো কণ্ঠে একযোগে উচ্চারিত হলো—মাদককে ‘না’ বলো। একই সঙ্গে দেশের জনপ্রিয় তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের শপথে ‘না’ বলা হলো মাদককে।বিকেল চারটা থেকেই শুরু হয় মাদকবিরোধী এই আয়োজন। গানের সুরে মাতোয়ারা দর্শকদের গানের ফাঁকে ফাঁকে মাদকের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেন তাঁদের প্রিয় শিল্পীরা। একই মঞ্চে দেশের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিও মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলেন। মনোরোগ চিকিৎসক মোহিত কামাল বলেন, ‘ইয়াবার মতো মাদক সেবন মানুষকে মানসিক রোগী বানিয়ে দেয়। এর কারণে সন্দেহ বাড়ে। ইয়াবার কারণে ইদানীং আমাদের সমাজে তালাক, ইভ টিজিং ও নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।’ প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম তরুণ প্রজন্মকে মাদক স্পর্শ না করার আহ্বান জানিয়ে বলেন, তারা নিজেদের যেন ভালো কাজে নিয়োজিত রাখে। দেশ গড়তে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহ্বান জানান কথাসাহিত্যিক ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। প্রথম আলোর মাদকবিরোধী কর্মকাণ্ডকে মহতী উদ্যোগ বলে উল্লেখ করেন বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার শেহজাদ সারোয়ার হোসেন। তিনি বলেন, দিনবদলের অঙ্গীকার নিয়ে বাংলালিংক এই উদ্যোগের সঙ্গে ভবিষ্যতেও থাকবে। উপস্থাপক আব্দুন নূর তুষার বলেন, যে বন্ধু মাদক দেয়, সে বন্ধু নয়। তিনি প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা।অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম সবাইকে মাদক পরিহারের আহ্বান জানান। সংগীতশিল্পী বালাম বলেন, মাদক ধীরে ধীরে আসক্তি তৈরি করে, কিন্তু পরে জীবন শেষ করে দেয়। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম বলেন, ‘আমরা এভারেস্ট জয় করেছি, বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি, আমরাই পারব মাদককে না বলতে।’ অনুষ্ঠানে কনকর্ডের নির্বাহী পরিচালক রশীদ আহমেদ ও প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামানও বক্তব্য দেন।মাদকবিরোধী এই কনসার্টে দেশের জনপ্রিয় শিল্পীরা বেশ কিছু গান গেয়ে শোনান। মাহমুদুজ্জামান বাবু মৃত্তিকা দল নিয়ে গেয়ে শোনান চে গুয়েভারাকে নিয়ে একটি গান। ন্যান্সি ‘বাহির বলে’, ‘আমি তোমার মনের ভেতর’সহ কয়েকটি গান গেয়ে শোনান। এরপর একে একে হূদয় খান, মিলা, বালাম ও আরেফিন রুমী গান গেয়ে ফ্যান্টাসি কিংডমে আগত দর্শকদের মাতিয়ে দেন। এ ছাড়া মডেল নিরব ও সারিকাও একটি করে গান গেয়ে শোনান। বালাম তাঁর গানের শেষ অংশে সদ্য প্রয়াত পপগুরু আজম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বিখ্যাত ‘বাংলাদেশ’ গানটি গেয়ে শোনান। তাঁর এই গানটির মধ্য দিয়ে রাত পৌনে ১০টায় কনসার্ট শেষ হয়। এই কনসার্টের আয়োজক প্রথম আলো। সহযোগিতায় ছিল বাংলালিংক, কনকর্ড ও প্রথম আলো বন্ধুসভা এবং মিডিয়া পার্টনার চ্যানেল আই ও এবিসি রেডিও। ১৭ জুন চট্টগ্রামের ফয়’স লেকে মাদকবিরোধী একই রকম আরেকটি কনসার্টের আয়োজন করবে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন।