হাজারো শিশু যৌন নিপীড়নের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে প্রতিবছর হাজারো শিশু যৌন নিপীড়নের শিকার হয় সংঘবদ্ধ চক্র ও গোষ্ঠীর দ্বারা। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। যুক্তরাজ্যের চিলড্রেনস কমিশনার কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত দুই হাজার ৪০৯ জন শিশু এ ধরনের নিপীড়নের শিকার হয়েছে। তবে বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে ২০১০-১১ সালে যৌন নিপীড়নের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা সাড়ে ১৬ হাজার শিশুকে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনের শিরোনাম ‘আমি ভেবেছি আমিই একমাত্র—আমিই একমাত্র এই পৃথিবীতে’। দুই বছর মেয়াদের এই গবেষণার প্রথম বছরে পাওয়া গেছে এই ফলাফল। স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্বেচ্ছাসেবী সংস্থা এবং শিশু ও অল্পবয়সীদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। যুক্তরাজ্যে শিশু ও অল্পবয়সীদের প্রতি যৌন নিপীড়নের মাত্রা খুঁজে বের করতে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়। গত মে মাসে ম্যানচেস্টারে শ্বেতাঙ্গ মেয়েদের যৌন নিপীড়নের দায়ে নয়জন এশীয় নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়। সরকার বলেছে, শিশুদের প্রতি যৌন নিপীড়ন কমাতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। শিশু কমিশন কার্যালয়ের ডেপুটি কমিশনার সু বেরেলোইটজ বলেন, প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সব গোষ্ঠীর শিশুরাই এমন নিপীড়নের শিকার হচ্ছে। বিপুলসংখ্যক ভুক্তভোগী শিশু তাদের জীবনে নিপীড়নের ঘটনা ঘটে যাওয়ার পর সুরক্ষা ও সমর্থন পায় না। প্রতিবেদনে দেখা গেছে, শিশুদের ওপর যৌন নিপীড়নে অভিযোগ আছে, এমন আটক দেড় হাজার ব্যক্তির মধ্যে এক-তৃতীয়াংশের বেশি শ্বেতাঙ্গ। তিনি জানান, এই প্রতিবেদনে যেসব শিশুর তথ্য যুক্ত করা হয়েছে, তারা অপহূত, পাচার ও মারধরের শিকার; প্রেমের কথা বলে যৌন নিপীড়ন করে সেই দৃশ্য ওয়েবসাইটে প্রচারের শিকার এবং দীর্ঘদিন ধরে নীরবে প্রতিবেশী ছেলেদের দ্বারা ধর্ষণের শিকার।শিক্ষা বিভাগের মুখপাত্র জানান, শিশুদের প্রতি যৌন নিপীড়ন ভয়াবহ অপরাধ। সরকার এ ধরনের নিপীড়ন বন্ধ করতে বদ্ধপরিকর। স্থানীয় সরকার অ্যাসোসিয়েশনের কাউন্সিলর ডেভিড সাইমন্স বলেন, ‘এ ধরনের বিরক্তিকর অপরাধমূলক আচরণ ঠেকাতে কাউন্সিলর, পুলিশ, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠানকে আরও নিবিড়ভাবে হাতে হাত রেখে কাজ করতে হবে।’ প্রতিবেদনটি শিশুদের রক্ষা ও সহযোগিতা করার জন্য সরকারকে জেগে ওঠার আহ্বানসংবলিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।