হাজি সেলিমসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২০০৪ সালে পুলিশের কর্তব্যপালনে বাধা দেওয়ার অভিযোগে লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সাংসদ হাজি সেলিমসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।হাজি সেলিম ছাড়া যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা হলেন গোলাম মোহাম্মদ, বাবলা, রিয়াজ উদ্দিন ওরফে বাদল, হেদায়েতুল ইসলাম, মফিজুল ইসলাম, আলী আহম্মদ, বিপ্লব, নূর মোহাম্মদ, ইব্রাহিম, আনিসুর রহমান, সুলতান, আকরাম, আরশাদ আলী, আরেফিন মিয়া, আবদুল্লাহ, পিয়ারা, আনিসুর রহমান, আবদুর জব্বার, মোহাম্মদ সেলিম ও সাগর আহম্মেদ।আজ এ মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কোনো আসামি উপস্থিত না হওয়ায় এবং রাষ্ট্রপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ২৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করেন।আদেশে বলা হয়, ২০০৪ সালে ২৩ মার্চ রাজধানীর চকবাজার এলাকায় হাজি সেলিমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে তাঁরা বোমা ছুড়ে বিস্ফোরণ ঘটায়। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আসামিরা আরও উত্তেজিত হয়ে পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে ও মারধর করে। এ ঘটনায় লালবাগ থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। ওই বছরের ১৫ আগস্ট হাজি সেলিমসহ ২১ জনের বিরুদ্ধে আভিযোগপত্র দেয় পুলিশ।আদেশে আরও বলা হয়, আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। কিন্তু হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর নিম্ন আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিন না নেওয়ায় আদালত আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেন। পরপর আটটি তারিখে আসামিরা হাজির না হওয়ায় আদালত আজ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।