হাজি সেলিমের বিরুদ্ধে ১৩৭ মামলা, ১০০টি প্রত্যাহারের আবেদন
সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাজি সেলিমের বিরুদ্ধে ১৩৭টি মামলা আছে। এর মধ্যে তিনি এককভাবে ১০০ মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। বিভিন্ন মামলায় তাঁর সঙ্গে যাঁরা আসামি আছেন, তাঁরা আরও ১৭টি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে সরকার ৪০টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এবং এর মধ্যে ১৯টি মামলা আদালতের মাধ্যমে প্রত্যাহারও করা হয়েছে। আরও একটি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে আদালতে। বাকি ২০টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তসংক্রান্ত চিঠি মহানগর সরকারি কৌঁসুলির কার্যালয়ে পাঠানো হলেই তা প্রত্যাহারের আবেদন করা হবে বলে হাজি সেলিমের আইনজীবী প্রাণনাথ জানিয়েছেন।আইনজীবী আরও জানান, পল্টন থানার লগি-বৈঠা মামলা এবং যুবদলের কর্মী হান্নান হত্যা মামলাসহ মোট সাতটি মামলায় খালাস পেয়েছেন হাজি সেলিম। আপস মীমাংসার ভিত্তিতে ১২টি মামলা নিষ্পত্তি হয়ে গেছে।সর্বশেষ প্রত্যাহারের আবেদন করা মামলাটি বিস্ফোরক দ্রব্য আইনে করা। এ মামলায় হাজি সেলিমসহ ৩৭ জন আসামি। ২০০৭ সালের ৩ অক্টোবর তাঁদের সবার বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়। মামলাটি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৭-এ বিচারাধীন রয়েছে।সূত্রমতে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হাজি সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজি, হরতালের সময় দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর, পুলিশের কাজে বাধাদান, মারধর, হত্যা, নারী নির্যাতন, শুল্ক ফাঁকি এবং বিস্ফোরক দ্রব্য আইনে রাজশাহী, চট্টগ্রাম বন্দর, গাজীপুর, কেরানীগঞ্জ ও ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ১৩৪টি মামলা হয়।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক শুল্ক ফাঁকির অভিযোগে দুটি এবং দুর্নীতির অভিযোগে হাজি সেলিমের বিরুদ্ধে একটি মামলা করে। দুদকের মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল তাঁকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিশেষ জজ আদালত। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তিনি আপিল করেছেন।হাজি সেলিম প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এসব মামলা করা হয়। ওই সরকার তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের মতো সাজানো মামলা করেছে। সেই মামলায় তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা বোনকেও আসামি করা হয়। তিনি বলেন, ২০০৬ সালের ২৫ মে লালবাগ থানার পুলিশ এক ঘণ্টায় তাঁর বিরুদ্ধে পর পর ছয়টি মামলা করে।এসব মামলাকে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক আখ্যায়িত করে প্রত্যাহারের আবেদন করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যাহার আবেদনে বলা হয়, যেহেতু প্রসিকিউশন মামলাটি না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং মামলাটি পরিচালনা করে কোনো লাভ হবে না বলে রাষ্ট্রপক্ষ মনে করে। তাই মামলাটি প্রত্যাহার করা আবশ্যক। ১৯ মে মামলাটি প্রত্যাহারের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য আছে।