হাজিদের সুবিধার জন্য চালু হচ্ছে মনোরেল
মক্কা ও জেদ্দার আশপাশের অনেক মানুষ বৃহস্পতি ও শুক্রবার মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করেন। পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও কাবা শরিফে নামাজ আদায় করেন। পাশাপাশি তাঁরা আত্মীয় ও বন্ধুদের সঙ্গে দেখা করেন। কেউ কেউ নিজ এলাকার লোকজনের খোঁজখবর নেন।মসজিদুল হারামে নামাজ আদায়ের পর সিরাজগঞ্জের মালশাপাড়া থেকে আসা জাহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যে কেবলা জেনে এসেছি, সেই কেবলার কাছে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমার আর কোনো চাওয়া-পাওয়া নাই।’ একই রকম অনুভূতি জানালেন আরও কয়েকজন বাংলাদেশি।চালু হচ্ছে মনোরেল সেবা: হজের অংশ হিসেবে হাজিদের মিনায় পাঁচ দিন অবস্থান করতে হয়। জিলহজ মাসের ৯ তারিখে দিনের বেলা আরাফাতে, রাতে হাজিদের মুজদালিফায় অবস্থান করতে হয়। সৌদি আরব কর্তৃপক্ষ হাজিদের যাতায়াতের সুবিধার জন্য ২০১১ সালে আরাফাত থেকে মিনা পর্যন্ত মনোরেল সেবা চালু করছে। প্রায় ১৮ কিলোমিটার এই পথে থাকছে নয়টি স্টেশন (আরাফাতে তিনটি, মুজদালিফায় তিনটি এবং মিনায় তিনটি)। এই প্রকল্পের নাম আল-মাশায়ের আল-মোগাদ্দাস মেট্রো লাইন প্রকল্প। এতে আট হাজার শ্রমিক কাজ করছেন। চায়না রেল কনস্ট্রাকশন কোম্পানি (সিআরসিসি) ঠিকাদারের মাধ্যমে এ কাজ করছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মনোরেল চালু হলে একদিকে হাজিদের যাতায়াত সহজ হবে, অন্যদিকে আরাফাত ও মিনায় এ সময়ে যানজটও কমবে। হজ কমিটির সভাপতি আবদুল কাদের আল জিবারটি জানান, প্রতিটি ট্রেনে ১২টি বগি থাকবে। প্রাথমিকভাবে ১০টি ট্রেন চালু করা হলেও পরে ট্রেনের সংখ্যা বাড়বে। মনোরেলে যাতায়াত হবে দ্রুত ও নিরাপদ।একজন নুরুল আমিন: জানা গেল, চায়না রেল কনস্ট্রাকশন কোম্পানিতে মানবসম্পদ সরবরাহ করছেন বাংলাদেশি নুরুল আমিন। তাঁর বাড়ি দিনাজপুরের পুলহাটে। মেট্রো লাইন প্রকল্পের ৪৮ জন ঠিকাদারের একজন তিনি। নুরুল আমিন জানান, এই প্রকল্পে প্রতিদিন ৬০০ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। দক্ষ শ্রমিক যেমন রাজমিস্ত্রি, ভারী কাজ করার লোক কম পাওয়া যায়। বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় আসা লোকজনকে এ সময় কাজ পেতে বেগ পেতে হয়। এমন বাংলাদেশিদেরও এখানে কাজ দেওয়া হয়। প্রত্যেক কর্মীর ঘণ্টাপ্রতি মজুরি ১২ রিয়াল।নিজের সম্পর্কে নুরুল আমিন জানান, ভাগ্য ফেরাতে ১০ বছর আগে তিনি প্রথম এসেছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদে। কিন্তু যে প্রতিষ্ঠানে যে কাজের কথা বলে তাঁকে আনা হয়েছিল, বাস্তবে তার সঙ্গে মিল ছিল না। তাই তিন মাসের মাথায় তিনি দেশে ফিরে যান। পরে নতুন উদ্যম নিয়ে তিনি আবার আসেন। বাংলাদেশ থেকে সবজি ও ফুল আমদানি শুরু করেন। কয়েক বছর পর শুরু করেন বিভিন্ন প্রতিষ্ঠানে মানবসম্পদ সরবরাহ। যেমন এখন করছেন রেল প্রকল্পে। তিনি জানান, বাংলাদেশিদের জন্য সৌদি আরবে অনেক দিন ভিসা বন্ধ। ফলে দক্ষ লোক পাওয়া যায় না। সরকার কূটনৈতিক যোগাযোগ বাড়ালে ভিসা সমস্যার সমাধান হতে পারে।প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এই ঠিকানায় www.hajj.gov.bdজেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৭২ হাজার ৪৪৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।আরও দুজনের মৃত্যু: পবিত্র হজ পালন করতে এসে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। তাঁরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার লুৎফর রহমান (৬২) ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মো. রহিম উদ্দিন (৬৭)। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়। এ নিয়ে এবার এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশি হাজি মারা গেলেন।