হাজির বিরিয়ানির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশার টুংটাং বেলের শব্দ, আর দু-একটা গাড়ির হর্ন শোনা যায়। পুরান ঢাকার নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন রোড এত সুনসান! নতুন ঢাকাতেও এই দৃশ্য কল্পনা করা যায় না। তবে সকাল ছয়টার দিকে কাজী আলাউদ্দিন রোডের চিত্র এমনই। এখানে আরও দেখতে পাবেন, বিভিন্ন বয়সী মানুষের সারি। এই মানুষগুলো এসেছেন ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির জন্য।আলাউদ্দিন রোড ধরে একটু এগোলেই নাকে আসে বিরিয়ানির সুগন্ধ। দোকানের ওপর কোনো সাইনবোর্ড নেই। তাতে কি! হাজির বিরিয়ানির দোকান খুঁজে পেতে কষ্ট হয় না। ঘ্রাণ শুঁকেই দোকান খুঁজে পেতে পারেন যে কেউ।গত বুধবার সকাল ছয়টায় সেখানে যাওয়ার পর ছোট্ট পানের দোকানদার মুরাদ মিয়া জানালেন, ৪০ বছর ধরে তিনি হাজির বিরিয়ানির দোকান দেখছেন। শুরু থেকেই স্থানীয় মানুষেরা সকালের নাশতা করতেন হাজির বিরিয়ানি দিয়ে। এখনো সেই ধারা অব্যাহত আছে।সেই ১৯৩৯ সাল থেকে এক ডেকচি বিরিয়ানি নিয়ে হাজি মোহাম্মদ হোসেন বিরিয়ানির দোকান খুলে বসেছিলেন। তারপর তাঁর ছেলে হাজি গোলাম হোসেন বাবার ব্যবসাকে আরও বড় করেন। চারদিকে ছড়িয়ে পড়ে হাজির বিরিয়ানির নাম। তাঁদের মৃত্যুর পর এই ব্যবসার দায়িত্ব তুলে নেন হাজি গোলাম হোসেনের ছেলে হাজি শাহেদ হোসেন।একটি ডেকচি নিয়ে যেই হাজির বিরিয়ানির যাত্রা শুরু, সেই হাজির বিরিয়ানি এখন পুরান ঢাকা, মতিঝিল বিমান অফিস ও বারিধারার বসুন্ধরায় মোট তিনটি দোকান নিয়ে দিব্যি চলছে।হাজি শাহেদ বললেন, এক জায়গা থেকে হাজির বিরিয়ানি তৈরি হয়, তারপর সব স্থানে তা সরবরাহ করা হয়। পুরান ঢাকার দোকানে বিরিয়ানি পাওয়া যায় সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত। এরপর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা। মতিঝিলের বিমান অফিসের কাছে যে দোকানটি, তাতে পাওয়া যায় দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত। বারিধারায় পাওয়া যায় দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত।তিনটি দোকানেই প্রতিদিন প্রচুর মানুষ বিরিয়ানি খেতে আসে। তিনটি দোকানের জন্য মোট ছয় ডেকচি বিরিয়ানি রান্না করা হয়। হাজি শাহেদের মতে, ছয় ডেকচির বেশি রান্না করা সম্ভব হয় না। যাঁরা আগে আসেন, তাঁরাই আগে বিরিয়ানি নিতে পারেন।ঢাকা শহরে এখন অনেক বিরিয়ানির দোকান হয়েছে। তার পরও হাজির বিরিয়ানির প্রতি মানুষের এত আকর্ষণ কেন?প্রশ্ন শুনে হাজি শাহেদ বললেন, ‘সব আল্লাহ পাকের দান। আশা করি, আগামী ১০০ বছরেও হাজির বিরিয়ানির সুনাম থাকবে।’কীভাবে তৈরি হয় এই বিরিয়ানি? জানতে চাই হাজি শাহেদের কাছে।তিনি বললেন, ‘আমরা বিরিয়ানিতে পোলাওর চালে খাসির মাংস দিই। সঙ্গে দিই সরষের তেল আর মসলা। ব্যস্, এভাবেই তৈরি হয়ে আসছে হাজির বিরিয়ানি।’হাজির বিরিয়ানি তৈরির প্রথম বাবুর্চি ছিলেন হাজি মোহাম্মদ হোসেন। তাঁর সঙ্গে ছয় বছর থেকে আছেন হাজি কালাম। মোহাম্মদ হোসেনের কাছ থেকে তাঁর ছেলে গোলাম হোসেন যেমন রান্নাটা শিখেছিলেন, তেমনি শিখে নিয়েছিলেন কালাম। এখন তিনিই বাবুর্চি। বয়স হয়েছে অনেক। কিন্তু রান্নার দায়িত্ব কাউকে দেননি। হাজি শাহেদ জানালেন, কালাম মিয়া যখন থাকবে না, তখন তার সহকারীরা এই রান্না করবে। এরই মধ্যে কালামের সঙ্গে থেকে অনেকেই এই রান্না রপ্ত করে ফেলেছেন।হাজির বিরিয়ানি পরিবেশন করা হয় বিভিন্নভাবে। প্রথাগতভাবে কাঁঠালগাছের পাতার ঠোঙায় করে খাবার পরিবেশন করা হয়। এ জন্য কয়েকজন কর্মচারী রাখা হয়েছে, যাঁরা কাঁঠালগাছের পাতা সরবরাহ করে তা দিয়ে ঠোঙা তৈরি করেন। কেউ কাঁঠাল পাতায় খাবার খেতে না চাইলে তাঁকে প্লেট অথবা কাগজের প্যাকেটে দেওয়া হয়।এক প্যাকেট হাজির বিরিয়ানির দাম ১৩০ টাকা।ক্রেতাদের সারিতে শিক্ষার্থীদের সংখ্যাও কম নয়। আলী হোসেন নামের একজন বললেন, তিনি বাবুবাজার থেকে এসেছেন। গত ২০ বছর হলো সকালবেলা হাঁটতে হাঁটতে তিনি হাজির দোকানে এসে খাবার কিনে নেন, সেটাই তাঁদের নাশতা।বেলা বাড়ছে ক্রমেই। কালাম মিয়া জানিয়ে দিলেন, খাবার প্রায় শেষ। সবাইকে তাড়া দিলেন, ডেকচি দুটো পরিষ্কার করার জন্য। দোকানের কর্মচারীরা ব্যস্ত হয়ে পড়লেন। শুরু হলো হিসাব-নিকাশ। একটু পরই আবার বাজার করা হবে। সন্ধ্যার জন্য প্রস্তুতি নিতে হবে তাঁদের।