হাজিরা আজ মিনায় পৌঁছাবেন, বৃহস্পতিবার পবিত্র হজ
পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র মক্কায় সমবেত হয়েছেন। আজ মঙ্গলবার থেকে হাজিরা মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন। মসজিদুল হারাম (কাবা শরিফ) থেকে মিনার দূরত্ব পাঁচ কিলোমিটার। হাজিরা কেউ বাসে, কেউ হেঁটে মিনায় পৌঁছাবেন। হজের অংশ হিসেবে তাঁরা পাঁচ দিন মিনায় অবস্থান করবেন। মিনা থেকে তাঁরা বৃহস্পতিবার ভোরে পৌঁছাবেন হজের মূল অনুষ্ঠান আরাফাতের ময়দানে।হজের অংশ হিসেবে এবং শয়তানের প্রতি ঘৃণা প্রকাশে মিনায় তিন শয়তানের প্রতিকৃতিতে পাথর (কঙ্কর) নিক্ষেপ করতে হয়। প্রতিটি শয়তানকে সাতটি করে পাথর মারা হয়। মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায়ে সগির (ছোট শয়তান), তারপর জামারায়ে ওস্তা (মেজ শয়তান) এবং শেষে জামারায়ে আকাবায় (বড় শয়তান) পাথর নিক্ষেপ করেন হাজিরা। হজরত ইব্রাহিম (আ.) নিজ সন্তান ইসমাইল (আ.)-কে কোরবানির জন্য মিনায় নিয়ে যাওয়ার সময় জামারায় পৌঁছালে শয়তান তাঁকে ধোঁকা দেয়। তখন হজরত ইব্রাহিম (আ.) শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিলেন।মিনায় (জামারাত) এবার শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য সৌদি হজ কর্তৃপক্ষ (মোয়াচ্ছাসা) হাজিদের ভাগ ভাগ করে জামারাতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মোয়াল্লেম দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আসা হাজিরা মিনায় ৪, ১৫, ১৭, ৫৮, ৬৪, ৬৫, ৬৯, ৭০, ৭১, ৭৪, ৭৭, ৭৯, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৬, ৯৭, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ ও ১১০ নম্বর মোয়াল্লেমের অধীনে থাকবেন। নির্দিষ্ট অর্থের বিনিময়ে সৌদি আরবের বিমানবন্দরে নামার পর থেকে হাজিদের মক্কা-মদিনায় পৌঁছানো, আবাসন, মিনা, মুজদালিফা, আরাফাতে থাকা-খাওয়া, যাতায়াতসহ সবকিছুর ব্যবস্থা যাঁরা করে থাকেন, তাঁদের বলা হয় মোয়াল্লেম। প্রত্যেক মোয়াল্লেমের নির্দিষ্ট নম্বর আছে। তাঁদের বাড়তি অর্থ দিলে জামারাতের কাছে তাঁবু পাওয়া যায়।হজ ব্যবস্থাপনায় জড়িত মক্কা-প্রবাসী বাংলাদেশি মাকসুদ সেলিম জানান, অতিরিক্ত রিয়াল (সৌদি মুদ্রা) নিয়ে মোয়াল্লেমরা জামারাতের কাছে হাজিদের তাঁবুতে থাকার ব্যবস্থা করেন। বাড়তি টাকা না দিলে তাঁবু জোটে দূরে। যেসব এজেন্সি বাড়তি টাকা দিয়েছে, তাদের তাঁবু থাকে জামারাতের কাছাকাছি। এজেন্সি এই অর্থ আদায় করে হাজিদের কাছ থেকে। মিনায় তাঁবুর জন্য নির্দিষ্ট জায়গা থাকে। যাঁরা অতিরিক্ত টাকা দেন না, তাঁদের তাঁবু হয় দূরে। হজের সময় মিনার কোনো রাস্তায় যানবাহন চলাচল করে না। তাঁবু দূরে হলে বিশেষ করে বৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বল হাজিরা অসুবিধায় পড়েন। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে অনেকে গন্তব্যও হারিয়ে ফেলেন। আবার আরবি নম্বরযুক্ত তাঁবুগুলো দেখতে একই রকম হওয়ায় অনেকের জন্য তা চেনাও কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের হাজিদের অধিকাংশ তাঁবু জামারাত থেকে বেশ দূরে।হজ মিশনের সহযোগিতা: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক দেখভাল করে বাংলাদেশ হজ মিশন। মিশনে বাংলাদেশের পতাকা ও দিকনির্দেশনা রাখা হয়েছে, যাতে হজযাত্রীরা সহজেই মিশনের অবস্থান বুঝতে পারেন। চিকিৎসাকেন্দ্রে চিকিৎসকেরা হাজিদের ২৪ ঘণ্টা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেন বিনা মূল্যে। কোনো হাজি নিজ বাসা বা তাঁবুর ঠিকানা হারিয়ে ফেললে তাঁকে তাঁরা ঠিকানা খুঁজে দেন। আবার কোনো হাজির আত্মীয় খুঁজতে এলে তাঁদেরও সহায়তা করেন। হজ মিশনের নিয়ন্ত্রণকক্ষে হজযাত্রীদের সার্বিক বিষয়ে দেখভাল করা হয়। মিনায় ২৫/৬২ নম্বর তাঁবুতে বাংলাদেশ হজ মিশনের কার্যক্রম চলবে হজের পাঁচ দিন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার পর্যন্ত এক লাখ ১০ হাজার আটজন বাংলাদেশি হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এবার পবিত্র হজ পালন করতে এসে এ পর্যন্ত স্বাভাবিক কারণে ৫৫ জন বাংলাদেশি মারা গেছেন।প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এই ঠিকানায় www.hajj.gov.bd।