হাজী দানেশে ছাত্রলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম মাহফুজ বিপুল (২৪) খুন হয়েছেন।আজ শনিবার দুপুরে ক্যাম্পাস-সংলগ্ন বাঁশেরহাট বাজারে এ ঘটনা ঘটে। ফাহিমের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামে। তাঁর বাবার নাম মাহফুজুর রহমান ওরফে বাবলা।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে ছাত্রলীগের সভা চলছিল। দুপুর ১২টার দিকে ফাহিম তিনজন কর্মীকে সঙ্গে নিয়ে চা খেতে বাইরে যান। এরপরেই এ ঘটনা ঘটে।ঘটনার সময় ফাহিমের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র রেজাউল ইসলাম। তিনি জানান, ফাহিম, কিশোর, মিথুনসহ ছাত্রলীগের চার কর্মী বাঁশেরহাট বাজারে চা খেতে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী মৃণাল গোস্বামী কথা বলার জন্য ফাহিমকে ডেকে নিয়ে যায়। একটু পরেই ফাহিমকে চড় মারতে থাকে মৃণাল। মাহফুজ তাঁর অপর সঙ্গীরা এগিয়ে গেলে মৃণাল গোস্বামীর ডাকে প্রায় ১৫ জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সামনে আসেন। এ সময় মৃণাল গোস্বামী তাঁর শার্টের নিচে থাকা ধারালো ছোরা বের করে ফাহিমকে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যান। পরে ফাহিমকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা দুইটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এম আফজাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।পুলিশ জানায়, মৃণাল গোস্বামী একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও ক্যাম্পাসে মাদক সরবরাহকারী হিসেবে অভিযোগ আছে।পুলিশ সুপার মো. ময়নুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা পূর্বপরিকল্পিত। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে পুলিশের বিশেষ শাখার সদস্যরা ছাড়াও র্যাব মাঠে নেমেছে বলে তিনি জানান।