হাজীগঞ্জে ওষুধ ব্যবসায়ী খুন
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামে গত বুধবার আরিফ হোসেন ঢালী (৩০) নামের এক ওষুধ ব্যবসায়ী খুন হয়েছেন। হাজীগঞ্জ বাজারে ঢালী ফার্মেসির মালিকানা ও পৈতৃক সম্পত্তি নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।আরিফ মকিমাবাদ গ্রামের মরহুম আমির হোসেন ঢালীর মেজ ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আরিফের মা নাজমা বেগম (৬০), দুই ভাই মাঈন উদ্দিন ঢালী (২৮) ও ফরহাদ হোসেন সুমন ঢালীকে (২০) গ্রেপ্তার করেছে।এ ঘটনায় নিহত আরিফের স্ত্রী মাহমুদা আক্তার গ্রেপ্তার হওয়া তিনজনসহ শ্বশুর বাড়ির পাঁচ সদস্যকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আরিফ গোসল সেরে ঘরে এলে ছোট ভাই মাঈনের সঙ্গে ওষুধের দোকানের মালিকানা নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মাঈন হাতুড়ি দিয়ে আরিফের মাথার পেছনে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আরিফ।আরিফের স্থানীয় বন্ধুরা জানান, আরিফের মৃত্যুর পর তাঁর মা, ভাই, ভাবি এবং বোনেরা আরিফ মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছে বলে এলাকায় প্রচার করে। ঘটনা ধামাচাপা দিতে তারা আরিফের রক্ত ধুয়ে মুছে ফেলে। পরে বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে দেখে আরিফের মাথা থেকে তখনো রক্ত ঝরছে। একপর্যায়ে তারা বিকেল তিনটার দিকে আরিফকে হাজীগঞ্জ মিডওয়ে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা জানান, আরিফ দুই ঘণ্টা আগে মারা গেছেন।খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হক হাজীগঞ্জ মিডওয়ে হাসপাতালে গিয়ে আরিফের লাশ থানায় নিয়ে আসেন। ওই সময় হাসপাতালে থাকা আরিফের মা ও দুই ভাইকে থানায় আসতে বলেন পুলিশ।থানা সূত্র জানায়, পুলিশের সন্দেহ হওয়ায় আরিফের মা নাজমা বেগম, দুই ভাই মাঈন উদ্দিন ও সুমনকে পুলিশ তাদের হেফাজতে নেয়। সন্ধ্যায় চাঁদপুরের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ চৌধুরী, হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার আটক তিনজনকে হাজীগঞ্জ থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা আরিফকে হত্যার কথা স্বীকার করেন।আরিফের শ্বশুর হাজীগঞ্জের রাজারগাঁও গ্রামের জহির উদ্দিন পাটওয়ারী প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের এপ্রিল মাসে আরিফের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের ওষুধের দোকানের মালিকানা ও পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে আরিফের বিরোধ চলছে। এসব বিরোধের কারণে গত ঈদুল আজহায় তাঁর মেয়ে বাড়ি চলে আসে। এরপর আর সে শ্বশুর বাড়িতে ফেরেনি।মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার এসআই মো. হুমায়ুন কবির বলেন, আরিফের মা ও দুই ভাই হত্যার কথা স্বীকার করেছে। রাতে হত্যার আলামত হিসেবে হাতুড়ি এবং আরিফের রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিন আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে ধরার চেষ্টা চলছে।হাজীগঞ্জ থানা হেফাজতে থাকা অবস্থায় আরিফের মা নাজমা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার দুপুরে ঘরের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হত্যার ঘটনা ঘটে। আমি কোনোভাবেই এর সঙ্গে জড়িত নই।’