অগ্রণী ব্যাংকের হাটখোলা শাখা থেকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যাংক ব্যবস্থাপক আবদুল বারেককে গতকাল শুক্রবার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।সূত্রাপুর থানা সূত্র জানায়, গতকাল গ্রেপ্তার হওয়া আবদুল বারেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায় সূত্রাপুর থানার পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির খান প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে দৈনিক ইনকিলাব-এর তিন কর্মকর্তা জাল কাগজপত্র তৈরি করে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপক জেনেশুনে তাঁদের এই ঋণ মঞ্জুর করেন। এ কারণে মামলায় ইনকিলাব-এর এই তিন কর্মকর্তাকেও আসামি করা হয়।তদন্ত কর্মকর্তা জানান, তদন্তে ব্যবস্থাপক আবদুল বারেকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত বৃহস্পতিবার বিকেলে ২০০৯ সালের আগস্ট থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত ১১ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের বিষয়টি জানাজানি হওয়ার পর অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফরিদুল ইসলাম বাদী হয়ে ব্যাংকের ব্যবস্থাপক আবদুল বারেক ও ব্যাংকের সেকেন্ড অফিসার পরিমল কুমার বিশ্বাসকে আসামি করে মামলা করেন। মামলায় ব্যাংকের তিনজন গ্রাহক ইনকিলাব-এর অর্থ ব্যবস্থাপক তরুণ কান্তি রায়, উপব্যবস্থাপক (বিজ্ঞাপন) সালামত উল্লাহ পাটওয়ারী ও বিল সংগ্রহকারী মজিবর রহমানকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।এদিকে দৈনিক ইনকিলাব-এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবিবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্রণী ব্যাংক, হাটখোলা শাখার অর্থ আত্মসাৎ-সংক্রান্ত মামলায় ইনকিলাব-এর তিনজন কর্মচারীর নাম অভিযুক্তের তালিকায় রয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি জানার পর অভিযুক্ত অর্থ ব্যবস্থাপক তরুণ কান্তি রায়, উপব্যবস্থাপক (বিজ্ঞাপন) সালামত উল্লাহ পাটওয়ারী ও বিল সংগ্রহকারী মজিবর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা তাঁদের ব্যক্তিগত, এর সঙ্গে দৈনিক ইনকিলাব-এর কোনো সংশ্লিষ্টতা নেই।