হাটটি ১৬ বছর ধরে পরিত্যক্ত
জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে নির্মিত হাটশেডগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলো ব্যবহার না করায় সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা সদরের মহানন্দা নদীর তীরে পুরান বাজার এলাকায় এসব হাটশেড দুই যুগ ধরে অব্যবহূত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। হাটশেডগুলোকে খড়কুটো, পাথর আর আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহার করছে এলাকার মানুষ। এই হাট চালুর ব্যাপারে প্রশাসনেরও কোনো উদ্যোগ নেই।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, পল্লী উন্নয়ন প্রকল্প-২১-এর আওতায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ১৯৯৭ সালে এই হাটশেডগুলো নির্মাণ করা হয়। এই হাট নির্মাণের পরই কিছুসংখ্যক ব্যবসায়ী তেঁতুলিয়া চৌরাস্তা নামক স্থানে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের পাশে দোকানপাট বসিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। নিয়মতান্ত্রিকভাবে এই জমিগুলো সরকার বাজার হিসেবে এখনো ঘোষণা না দেওয়ায় এ হাট থেকে সরকারের কোনো রাজস্ব আসে না। ব্যক্তিগত জায়গায় হওয়ার কারণে সরকারও হাটের উন্নয়নে কোনো প্রকল্প নিতে পারছে না। তেঁতুলিয়া উপজেলা বণিক সমিতির সাবেক সভাপতি মো. মখলেছুর রহমান বলেন, উপজেলা হাসপাতাল চালু হওয়ার পরপরই ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে এখানে চলে আসেন। ব্যক্তিগত জমিতে হাট হওয়ায় সরকারিভাবে কোনো উন্নয়ন করা হচ্ছে না।তেঁতুলিয়া চৌরাস্তায় দিন-বাজার ও মহাসড়কের দুই ধারে সোমবার ও শুক্রবার হাট বসার কারণে বাস, ট্রাক, ভ্যান-রিকশা, সাইকেল, পথচারীসহ স্কুলগামী ছাত্রছাত্রীদের চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে অপরিকল্পিতভাবে দোকানঘর নির্মাণ ও পয়োনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় হাটটি আবর্জনায় সয়লাব হয়ে থাকে। এখানে কেনাকাটা করতে এসে ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়।তেঁতুলিয়া বণিক সমিতির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, অনেকে নিজের জমির ওপর স্থায়ীভাবে দোকানপাট গড়ে তুলেছেন। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ব্যবসায়ীরা যেতে চান না। এ ব্যাপারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিরুল ইসলাম বলেন, তিনি নতুন এসেছেন, তাই পুরো বিষয়টি অবগত নন। পরবর্তী সময়ে তিনি বিষয়টি জেনে ব্যবস্থা নিতে পারেন বলে জানান।