হরতালে নির্বিচারে গাড়ি ভাঙচুর, পেট্রলপাম্পে আগুন, পুলিশের অস্ত্র ছিনতাই, থানায় হামলা
হাটহাজারী, ফরিদপুর ও নারায়ণগঞ্জে তাণ্ডব
নির্বিচারে গাড়ি ভাঙচুর, পেট্রলপাম্পে আগুন, পুলিশের অস্ত্র ছিনতাই, গাড়ি পোড়ানো আর দফায় দফায় সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল সোমবার সারা দেশে হরতাল পালিত হয়েছে। রাজধানীতে বড় ধরনের সংঘর্ষ না হলেও চট্টগ্রামের হাটহাজারী, ফরিদপুর ও নারায়ণগঞ্জের পরিস্থিতি ছিল উত্তপ্ত। এসব স্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বারবার সংঘর্ষে পুলিশের ৩০ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।চট্টগ্রামের হাটহাজারীতে হরতালের সমর্থনে হেফাজত ইসলামের কর্মীরা দেড় শতাধিক বাস ভাঙচুর করে এবং একটি পেট্রলপাম্পে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশের একটি চায়নিজ রাইফেল ও একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয়।ফরিদপুরে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে হরতাল-সমর্থনকারীরা। তারা নগরকান্দা উপজেলা কার্যালয়েও ভাঙচুর করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্ররা সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পুলিশ অবরোধ সরাতে গেলে মাদ্রাসাছাত্ররা র্যাব-পুলিশের ওপর হামলা চালায়। এতে সেখানে সংঘর্ষ বাধে। পুলিশের ১০ সদস্যসহ অর্ধশত লোক আহত হয়।শিক্ষানীতি, প্রস্তাবিত নারীনীতি ও ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় বাতিলের দাবিতে গত ৮ মার্চ এই হরতাল ডাকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। এতে সমর্থন দেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফির নেতৃত্বাধীন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম। ফলে সারা দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা হরতালে রাজপথে ছিল।হরতাল শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেন, গত দুই বছরের মধ্যে এটি সবচেয়ে সফল হরতাল। সারা দেশে ২৭৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে দাবি করে তিনি বলেন, পুলিশের হামলায় আহত হয়েছে ২০০ জন। এর মধ্যে গুরুতর আহত হয়েছে ৮৫ জন। আমিনী বলেন, ‘অন্যরা যেখানে অতীতে হরতালে মাঠে নামতে পারেনি, সেখানে আমাদের কর্মীরা কোথাও মাঠ ছাড়েনি।’হাটহাজারীতে মাদ্রাসাছাত্রদের তাণ্ডব: চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল ভোর ছয়টার দিকে হরতাল-সমর্থকেরা হাটহাজারী মইনুল ইসলাম দারুল উলুম মাদ্রাসা থেকে বের হয়ে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে। এতে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে ফটিকছড়ির মাইজভান্ডারগামী অন্তত ৪০০ বাসসহ পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়ে।দুপুর সোয়া ১২টার দিকে হাজার খানেক হেফাজতকর্মী লাঠিমিছিল নিয়ে অক্সিজেন মোড়ের দিকে যেতে চাইলে বালুছড়ায় পুলিশ বাধা দেয়। এ সময় মাদ্রাসাছাত্ররা শিউলি পেট্রলপাম্পে আগুন দেয় ও ভাঙচুর করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পেট্রলপাম্পের আগুন নেভান। একপর্যায়ে হেফাজতকর্মীরা পিছু হটে রাস্তায় থাকা বাস নির্বিচারে ভাঙচুর করে। এতে বাসে থাকা নারী-পুরুষ ও শিশুরা ভাঙা কাচের আঘাতে আহত হয়। তারা বালুছড়া থেকে বড় দীঘিরপাড় পর্যন্ত আটকে থাকা প্রতিটি বাসে ভাঙচুর চালায়। মাদ্রসাছাত্রদের হাত থেকে বাঁচতে বাসের লোকজন রাস্তার দুই পাশের বাড়িঘরে আশ্রয় নেয়। চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, হরতালকারীরা দেড় শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। বেশির ভাগ গাড়ি ফটিকছড়ির মাইজভান্ডারে যাচ্ছিল। হরতালকারীদের কারণে মাইজভান্ডারগামী হাজার হাজার ভক্ত চট্টগ্রাম-হাটহাজারী সড়কে আটকে পড়েন। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আটকে পড়া মাইজভান্ডার শরিফের ভক্তরা বাসগুলো ছেড়ে দিতে হরতাল-সমর্থকদের কাছে বারবার অনুনয়-বিনয় করছিলেন। কিন্তু তারা কোনো কিছুতেই কর্ণপাত করেনি।বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও মাইজভান্ডার ঐক্য পরিষদের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের লাখ লাখ ভক্ত আছেন। সারা দেশ থেকে শত শত গাড়িতে করে মাইজভান্ডারের দিকে আসার পথে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে তাঁদের আটকে দেওয়া হয়।’ তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে ফোনে কথা বলি। তাঁরা দুপুরের মধ্যে গাড়ি ছেড়ে দেবেন বলে আমাকে প্রতিশ্রুতি দেন। অথচ সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও কোনো গাড়ি ছেড়ে দেননি।’চট্টগ্রাম-হাটহাজারী সড়কে সংঘর্ষ চলাকালে পুলিশের ১২ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। আহত পুলিশ সদস্যদের মধ্যে রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নেন। নগর পুলিশের উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান বলেন, ‘হরতালকারীদের হামলায় ১২ পুলিশ ও বহু যাত্রী আহত হয়েছে। তারা ব্যাপক ভাঙচুর করেছে। পুলিশের একটি চায়নিজ রাইফেল ও ওয়াকিটকি সেট খোয়া গেছে।’তবে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ এক বিবৃতিতে দাবি করেছেন, বালুছড়ায় পেট্রলপাম্পে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা জড়িত নয়। দুই দিন ধরে মাদ্রাসার সব বিভাগ বন্ধ। ছাত্ররা হোস্টেল ছেড়ে বাড়িতে চলে গেছে। ফরিদপুরে পুলিশের গাড়িতে আগুন: আমাদের ফরিদপুর অফিস জানায়, সকাল পৌনে ছয়টার দিকে ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকায় হরতাল-সমর্থকেরা একটি ট্রাক ও একটি টেম্পো ভাঙচুর করে। হরতালের সমর্থনে শামসুল উলুম মাদ্রাসা থেকে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা রাজবাড়ী রাস্তার মোড়ে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। হরতাল- সমর্থকেরা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়ক দুটি অবরোধ করে রাখে। এতে উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এর মধ্যে ঢাকা থেকে যশোর ক্যান্টনমেন্টে যাওয়ার পথে সেনাসদস্যদের বহনকারী চারটি গাড়িও ছিল।সকাল ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পরে সেনাসদস্যবাহী গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহর বাইপাসের কাছ থেকে হরতাল-সমর্থকেরা একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে। এতে চারজন আহত হয়। এ সময় হরতাল-সমর্থকেরা বাইপাস সড়ক এলাকা ও জোবায়দা ফিলিং স্টেশনের সামনে সমবেত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কর্মকার জানান, পুলিশ ১০টি কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয় ব্যক্তিসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।সকাল আটটার দিকে দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়। পরে বিএনপির সমর্থকেরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। মিছিলটি নগরকান্দা সদরের সফিউদ্দীন ফিলিং স্টেশনের সামনে এলে পুলিশ বাধা দেয়। হরতাল-সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় হরতাল-সমর্থক মো. জাকিরের (২৮) মাথায় গুলি লাগে। হরতালকারীরা ধাওয়া দিলে পুলিশ নগরকান্দা থানার ভেতরে অবস্থান নেয়। হরতাল-সমর্থকেরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে। তারা সাবরেজিস্ট্রি অফিস ও অগ্রণী ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ে। উপজেলা পরিষদ কার্যালয়েও হামলা চালায় হরতাল-সমর্থকেরা। তারা দুটি রেস্তোরাঁয় ভাঙচুর করে।সকাল ১০টার দিকে ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ বহনকারী একটি গাড়ি নগরকান্দায় পৌঁছালে হরতাল-সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাসসহ পুলিশের ১২ সদস্য আহত হন। একপর্যায়ে হরতাল-সমর্থকেরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। এ সময় ১২ জন হরতাল-সমর্থক আহত হয়।নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, আহত পুলিশ সদস্যদের মধ্যে সুবেদার আতাউর এবং কনস্টেবল আবদুল হাকিম ও মো. দেলোয়ারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সদর সার্কেল) শহীদুল ইসলাম জানান, নগরকান্দায় হামলাকারীদের ঠেকাতে ৩০টি রাবার বুলেট, ১০টি কাঁদানে গ্যাসের সেল ও চারটি শর্টগানের গুলি ছোড়া হয়। হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, আমিনীর সমর্থকদের সঙ্গে বিএনপির সমর্থকেরা যোগ দিয়ে নগরকান্দায় অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা পুলিশের ওপর হামলা করেছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, উপজেলা কার্যালয় ভাঙচুর করেছে। তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করা হবে।সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ৫০: হরতাল-সমর্থকেরা সকাল থেকেই ঢাকা-চটগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার রাস্তা অবরোধ করে রাখে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসাসহ আশপাশের কয়েক হাজার মাদ্রাসাছাত্র ও শিক্ষক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে সকাল থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ জানান এবং একপর্যায়ে অবরোধ ভেঙে দেন। এ সময় মাদ্রাসাছাত্ররা মাদানীনগর মাদ্রাসায় অবস্থান নিয়ে র্যাব-পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা ভাঙচুর করে ১০টি যানবাহন। পুলিশ এ সময় বিক্ষোভকারীদের লাঠিপেটা করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অর্ধশত আহত হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, ঢাকা মেট্রোপলিটন ও নারায়ণগঞ্জ পুলিশ শতাধিক কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করা হয়েছে। হরতাল-সমর্থকদের হামলায় র্যাবের সদস্য মতিউর রহমান, পুলিশ কনস্টেবল ইব্রাহিম, রানা, বোরহানসহ ১০ জন আহত হন।এর আগে ভোরে ফজরের নামাজের পরপরই ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে মাদ্রাসার কয়েক শ ছাত্র ও শিক্ষক নারায়ণগঞ্জ শহরে লাঠিসোঁটা ও রড নিয়ে মিছিল করেন। পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করে।অতিরিক্ত জেলা পুলিশ সুপার (এএসপি) সাইদুর রহমান জানান, পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। রাজধানীতে শান্তিপূর্ণ হরতাল: হরতালে রাজধানীতে র্যাব-পুলিশের কড়া নজরদারি ছিল। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে হরতাল-সমর্থনকারীদের তৎপরতাও সেভাবে ছিল না। তবে বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়ির গোড়ায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের সমর্থনে অর্ধশত কর্মী স্লোগান দিয়েছে। পুলিশের কড়া পাহারার কারণে তারা রাস্তায় নামার চেষ্টা করেনি।দুপুর একটার দিকে রাজধানীর পুরানা পল্টনে হরতালের সমর্থনে একটি মিছিল বের হলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ৩৪ জনকে আটক করে।পুরান ঢাকার ফরিদাবাদে গতকাল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী মিছিল বের করে। তবে গেন্ডারিয়া থানার পুলিশ লোহারপুলের সামনে মিছিলটি আটকে দেয়। হরতাল চলাকালে পুরান ঢাকার চকবাজার, মিটফোর্ড, মৌলভীবাজার, নয়াবাজার, সদরঘাট, নবাবপুর রোডসহ রাজধানীর বেশির ভাগ এলাকার দোকানপাট বন্ধ ছিল। মুফতি আমিনীর এলাকা লালবাগে বড় ধরনের কোনো মিছিল হয়নি। তবে বিচ্ছিন্নভাবে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন হাতে নিয়ে সকালে রাস্তায় নামার চেষ্টা করে।সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। মন্ত্রিসভার বৈঠক ও হরতালের কারণে সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল।ঢাকা থেকে সারা দেশে ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে সায়েদাবাদ ছাড়া রাজধানীর অন্য কোনো টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২০০ জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর কোথাও বড় কোনো সংঘর্ষ হয়নি।মামলা: হরতালের সময় পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে গতকাল রাজধানীর পল্টন থানায় দুটি ও রমনা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পল্টনের দুই মামলায় ১২১ জনকে ও রমনার মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছে।