হাটহাজারীতে অধ্যক্ষের কক্ষের দরজা বন্ধ করে আগুন দিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গতকাল মঙ্গলবার কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে তাঁরা অধ্যক্ষের কক্ষের দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগুন লাগানোর ছবি নিতে গেলে একটি জাতীয় পত্রিকার সাংবাদিককে পিটিয়ে তাঁর মুঠোফোন সেট ছিনিয়ে নেন তাঁরা। এ ছাড়া তাঁরা কলেজের বেঞ্চ ও দরজা-জানালা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির দাবিতে কলেজের শিক্ষক কর্মচারী পরিষদ আজ বুধবার কালো ব্যাজ ধারণ ও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে।প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, গত সোমবার বেলা ১১টার দিকে হাটহাজারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী একাদশ শ্রেণীতে ভর্তি কোটার দাবিতে কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিনকে চাপ দেন। এ সময় ছাত্রলীগের কর্মী আকবর হোসেন কলেজ কার্যালয়ের টেবিল থেকে পাঁচটি ভর্তির ফাইল ছিনিয়ে নেন। বিকেলে তাঁরা ফাইলগুলো ফেরত দেন। এ সময় ছাত্রলীগের নেতা জহির ভর্তির জন্য তাঁদের অনুগত ৮১ জন শিক্ষার্থীর তালিকা দেন কর্তৃপক্ষকে।গতকাল বেলা দেড়টার দিকে ছাত্রলীগের নেতা জহির ও এনামুল হক আরও দুজন শিক্ষার্থীকে ভর্তির জন্য অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় অধ্যক্ষ বোর্ডের ভর্তি কোটা শেষ হওয়ায় ভর্তি করা সম্ভব নয় বলে জানান। এতে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা কলেজে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষের দরজা বন্ধ করে বাইরে বেঞ্চ জড়ো করে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় অধ্যক্ষের কক্ষে দুজন শিক্ষিকা ছাড়াও কয়েকজন অভিভাবক ছিলেন। পরে কলেজের শিক্ষক ও কর্মচারীরা এসে আগুন নিভিয়ে দরজা খুলে কলেজের অধ্যক্ষ ও অন্য ব্যক্তিদের উদ্ধার করেন।আগুন লাগানোর ছবি তুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা যুগান্তর পত্রিকার হাটহাজারী প্রতিনিধি আবু তালেবকে মারধর করে তাঁর মুঠোফোন সেট ছিনিয়ে নেন।অধ্যক্ষ কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, ভর্তির কোটা শেষ হওয়ায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হচ্ছে না। তিনি নিজের অসহায়ত্ব তুলে ধরে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থী ভর্তির আসন না থাকায় আমাকে পুড়িয়ে মারতে হবে?’কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জহির হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা অস্বীকার করেন। তিনি দাবি করেন, অধ্যক্ষ ছাত্রদল ও ছাত্রশিবিরের তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করেছেন। অথচ ছাত্রলীগের দেওয়া তালিকা তিনি উপেক্ষা করেছেন। এ কারণে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। ফাইল ছিনিয়ে নেওয়ার ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আকবর হোসেন দাবি করেন, ‘আমার ভাইকে ভর্তি না করায় ফাইল নিয়েছিলাম, পরে ফেরত দিয়েছি।’হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, ‘ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা নজিরবিহীন। কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।’হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, কলেজের উদ্ভূত পরিস্থিতি নিরসনে আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে।