হাটহাজারীতে অপহূত, পাঁচ মাস পর ভৈরবে জঙ্গি হিসেবে গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস আগে হাটহাজারী থেকে অপহূত হয়েছিলেন স্থানীয় জমি ব্যবসায়ী ইয়ার মোহাম্মদ (৫০)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহূতকে উদ্ধার করতে সম্ভাব্য স্থানে পুলিশও তৎপরতা চালাচ্ছিল।পারিবারিক সূত্র জানায়, পরিবারের সদস্যরাও ইয়ারের অনেক খোঁজাখুঁজি করেছেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার টেলিভিশনে ইয়ার মোহাম্মদকে দেখেন। তাঁকে আরও দুজনের সঙ্গে জঙ্গি হিসেবে ঢাকায় র‌্যাবের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছে। এটা দেখে তাঁরা ছুটে যান হাটহাজারী থানায়। এ কথা শুনে তাজ্জব বনে যান থানার পুলিশ কর্মকর্তারাও।ওই থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইয়ার মোহাম্মদ এলাকার পরিচিত মুখ, তিনি জমি কেনাবেচার কারবার করতেন। তাঁর বিরুদ্ধে থানায় জঙ্গি-সংশ্লিষ্টতার কোনো তথ্য নেই।জানতে চাইলে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, গত ২৬ মার্চ ইয়ার মোহাম্মদকে হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে অপহরণ করে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি। তারা ইয়ারকে একটি সাদা মাইক্রোবাসে তুলে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যায় বলে থানায় অপহরণ মামলা (নং-৮, তারিখ-৬/৪/১১) করেন তাঁর ভাই নূর মোহাম্মদ। পুলিশ অপহূতকে উদ্ধারে তদন্ত চালাচ্ছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ইয়ারের স্ত্রী ও ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুকুমারকে নিয়ে থানায় আসেন। তাঁরা জানান, ইয়ার মোহাম্মদকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা গেছে।ইয়ারের বড় ভাই নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘টিভিতে আমার ভাইকে দেখানো হয়। সে নাকি এখন জঙ্গি। অপহরণ করে পাঁচ মাস পর একজন সহজ-সরল মানুষকে কেন জঙ্গি বানানো হলো বুঝতে পারছি না, খুব দুঃখ পেয়েছি। চার ছেলেমেয়ে নিয়ে তাঁর স্ত্রী পাঁচ মাস উৎকণ্ঠায় ছিলেন। আমরা এর ন্যায়বিচার চাই।’জানতে চাইলে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘পরিবারের সদস্যরা অনেক কিছু দাবি করতেই পারেন। পাঁচ মাস আগে একটি লোক বাড়ি ছেড়ে কোথায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, তা তো পরিবারের লোকজনের জানার কথা নয়। আসলে জঙ্গি প্রশিক্ষণ যারা নেয়, তারা পরিবারের কাউকে কিছু জানায় না। তারা গোপনে প্রশিক্ষণ নেয়। পরিবার দাবি করতে পারে, সাদা পোশাকে লোকজন ইয়াহিয়াকেও ধরে নিয়ে গেছে।’লে. কর্নেল জিয়াউল আহসান দাবি করেন, ‘বুধবার রাতের আগে আমাদের কোনো লোক ইয়ার মোহাম্মদকে ধরেনি। ভৈরবে আমাদের পুরো অভিযানের ভিডিও ক্লিপস আছে। কীভাবে তিনজনকে ধরেছি, তা ভিডিওচিত্র দেখলে বোঝা যাবে।’এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে র‌্যাব দাবি করে, গত বুধবার রাত সোয়া দুইটায় কিশোরগঞ্জের ভৈরব এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে হরকাতুল জিহাদের (হুজি) আমির ইয়াহিয়া ও তাঁর দুই সহযোগী ইয়ার মোহাম্মদ ও বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে।র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়ার মোহাম্মদ র‌্যাবকে বলেছেন, তিনি ১০-১২ বছর আগে হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ আহম্মদ শফির মুরিদ হন। সে সুবাদে হাটহাজারী মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় জিহাদি কর্মকাণ্ডে অংশ নিতেন। আহম্মদ শফির মাধ্যমেই হুজির আমির ইয়াহিয়ার সঙ্গে ইয়ার মোহাম্মদের পরিচয় হয়। ইয়ার হুজির একজন সমর্থক।ইয়ারের সঙ্গে গ্রেপ্তার দেখানো বাহাউদ্দিনও (২২) স্থানীয় ব্যবসায়ী। তাঁর সম্পর্কে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়, হাটহাজারী মাদ্রাসা মার্কেটে বাহাউদ্দিনের একটি কম্পিউটারের দোকান আছে। একই মার্কেটের হোমল্যান্ড লাইব্রেরির মালিক সোহেলের সঙ্গে তাঁর ভালো পরিচয় ছিল। সোহেল হুজির সঙ্গে জড়িত ও ইয়াহিয়ার ঘনিষ্ঠ সহযোগী। সোহেলের দোকানে ইয়াহিয়া প্রায়ই আসা-যাওয়া করতেন। সেই সুবাদে ইয়াহিয়ার সঙ্গে বাহাউদ্দিনের পরিচয় হয়, তিনি হুজির একজন সমর্থক।নূর মোহাম্মদ জানান, তাঁর ভাই ইয়ার মোহাম্মদ নিজ বাড়িতে থাকতেন। জমি বেচাকেনার ব্যবসা করতেন। গত ২৬ মার্চ বিকেল সাড়ে চারটায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় তাঁরা ২৮ মার্চ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৯০/১১) করেন। পরে খবর পান, ইয়ারকে ২৬ মার্চ সন্ধ্যা সাতটায় হাটহাজারী বাসস্ট্যান্ডে দেখা গেছে। এরপর এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে নূর মোহাম্মদ ৬ এপ্রিল হাটহাজারী বাসস্ট্যান্ডে যান। সেখানকার ফলবিক্রেতা আবু তাহের, জেবল হক ও মোহাম্মদ জাবেদ তাঁদের জানান, ২৬ মার্চ রাত পৌনে আটটায় ইয়ার মোহাম্মদ ফলের দোকানের সামনে ছিলেন। তখন খাগড়াছড়ি সড়ক দিয়ে একটি সাদা মাইক্রোবাস সেখানে এসে থামে। মাইক্রোবাস থেকে তিন-চারজন সাদা পোশাকের লোক এসে ইয়ার মোহাম্মদকে ডাক দেয়। তারা ইয়ারকে ঠেলাধাক্কা দিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।