হাটহাজারীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ১১
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকায় গতকাল সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে পুলিশের চার সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ তিনজনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের কাটিরহাট বাড়বকুণ্ড পাকা সড়কসংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির জন্য অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে প্রায় ৯০টি গুলি বিনিময় হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. কায়সার, জামাল উদ্দীন, শাহীনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গুলিতে পুলিশের চার সদস্য আহত হন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. কায়সার, জামাল উদ্দীন, শাহীন, নজরুল ইসলাম, মো. আলম, নাজমুল খান, মহিউদ্দীন, মো. মিয়া, মো. বেল্লাল, মো. নীরব ও মো. মনির উদ্দিন।অভিযানে অংশ নেওয়া হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, পুলিশ ডাকাতদের কাছ থেকে দেশীয় তৈরি চারটি বন্দুক, পাঁচটি প্যারাসুট সিগনাল গান, রামদাসহ ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় চারটি পৃথক মামলা হবে বলে তিনি জানান।