হাটহাজারীতে পুলিশ-ডাকাত গুলিবিনিময়, আহত ৩
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদ্রাসা এলাকায় ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনায় পুলিশসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।ফতেয়াবাদ-মদুনাঘাট সড়কের মধ্যম মাদ্রাসা গ্রামে ইমাম হোসেনের বাড়িতে একদল ডাকাত অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে প্রায় ৫০টি গুলিবিনিময় হয় । গুলিবিনিময়ে ডাকাত দলের দুজন—নুরুজ্জামান (৩৮) ও বদিউল আলম (২৬) এবং পুলিশ কনস্টেবল আশিক গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি দোনলা দেশীয় বন্দুক, ১৩টি বন্দুকের কার্তুজ ও ঘর ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানা-পুলিশের উপপরিদর্শক মীর কাশেম বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, পুলিশের কাজে বাধা দান করায় পৃথক তিনটি মামলা করেছেন।