হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষ চলাকালে গুলিতে হেফাজতের দুই কর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে হেফাজতে ইসলামের তৈরি অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার জাহেদ (২৫), মোহাম্মদ মামুন (২০), শাহাদাত হোসেন (১৮), জসিম উদ্দিন (৩২) ও আবু নোমান (৪০)। এর মধ্যে আনোয়ার জাহেদ ও শাহাদাত হোসেন হেফাজতকর্মী এবং হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) শিক্ষার্থী। আবু নোমান স্থানীয় হাটহাজারী আদর্শ একাডেমির শিক্ষক। অন্য দুজনের বাড়ি হাটহাজারীর মিরেরখীলে। তাদের প্রথম তিনজন হাটহাজারীর একটি ক্লিনিকে এবং অন্য দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। হাটহাজারী আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন প্রথম আলো ডটকমকে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ দুজন নিহত হওয়ার কথা জানায়। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও হাটহাজারীর স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবরোধ তুলতে পারেনি পুলিশ গুলি ও শত শত কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পরও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের অবরোধ তুলতে পারেনি পুলিশ। একপর্যায়ে সন্ধ্যার দিকে পুলিশ কিছুটা পিছু হটে হাটহাজারী মাদ্রাসা থেকে থানার কাছে চলে যায়। এ প্রসঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা কৌশলগত কারণে সরে গিয়েছি।’