হাটহাজারীতে পেট্রলপাম্পে আগুন, শতাধিক বাস ভাঙচুর
চট্টগ্রামের হাটহাজারী সড়কের বালুছড়া এলাকায় আজ দুপুর ১২টার দিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা শিউলি পেট্রলপাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় তারা শতাধিক গাড়ি ভাঙচুর ও ক্যাশবাক্স লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এদিকে মাউজভান্ডার দরবার শরিফে যাওয়ার পথে কয়েকটি গাড়ি এবং অন্যান্য যাত্রীবাহী বাসকে পিকেটাররা আটকে দেয়। ফলে সকাল থেকে ওই সড়কে দুই শতাধিক গাড়ি আটকা পড়ে। পেট্রলপাম্পে আগুন ধরিয়ে দেওয়ার পর পিকেটাররা হঠাত্ আটকে পড়া বাসগুলো ভাঙচুর করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। এ সময় বাসগুলোতে থাকা অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ পিকেটারদের ধরতে অভিযান চালালে বাসের উত্তেজিত যাত্রী ও সাধারণ লোকজন পুলিশের সঙ্গে যোগ দেয়। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও গুলি ছোড়ে।বায়েজীদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম জানান, এ ভাঙচুরের ঘটনায় অন্তত পুলিশের ১০ সদস্য আহত হয়। চট্টগ্রামের হাটহাজারী ও এর আশপাশের এলাকা এখন পুরোপুরিভাবে পিকেটারদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই সব এলাকার রাস্তায় কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে খাবার ও ওষুধের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, পিকেটাররা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল করছে। তারা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করছে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সেখানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ লোকজনকেও পিকেটিংয়ে অংশ নিতে দেখা গেছে। তবে বিভিন্ন স্পটে পুলিশ থাকলেও তাদের নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। হাটহাজারী সদরের বাস স্টেশন, কলেজ গেট, হাটহাজারী বাজার, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ইসাপুর বাজার, সুবাদার পুকুরপাড়, সরকার ঘাট, হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট বাজার, তাঁতির হাট, সরকার হাট ও মিরের হাট, চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আমান বাজার, বড় দীঘিরপাড়, ফতেহাবাদ, ইসলামি হাট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনা ঘাট, নজুমিয়া হাটে বর্তমানে পিকেটাররা অবস্থান নিয়ে পিকেটিং করছে।