হাটহাজারীর পিকিং প্লান্ট হালদা নদীর মৎস্যসম্পদ নষ্ট করছে
চট্টগ্রামের হাটহাজারী পিকিং পাওয়ার প্লান্টের বর্জ্যের কারণে হালদা নদীর মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে। আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে এই অভিযোগ উত্থাপিত হয়। কমিটি এই পিকিং পাওয়ার প্লান্টের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রথম আলোকে বলেন, ওই বিদ্যুৎকেন্দ্রটি হালদা নদীতে অবিরাম বর্জ্য ফেলছে। ফলে মা মাছসহ অন্যান্য মাছের বসবাস উপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে। তাই কমিটি জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।গত ২৮ মার্চ ১০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। সরকারি অর্থায়নে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান গুয়াং ডং ৯০৮ কোটি টাকা ব্যয়ে প্লান্টটি তৈরি করে।বৈঠকে মৎস্য ও প্রাণীসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যতে করণীয় শীর্ষক গণশুনানির ওপর আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আশরাফ উদ্দিন জানান, কমিটি চলতি মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী, জেলে ও পশুপালনের সঙ্গে জড়িতদের গণশুনানি গ্রহণ করেছেন। কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন, কুতুবদিয়া ও টেকনাফের শাহপরী দ্বীপে কমিটি তিনটি গণশুনানির আয়োজন করে। এ বিষয়ে কমিটিকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছে স্টেট ইউনির্ভাসিটি অব নিউইয়র্ক ও এশিয়া ফাউন্ডেশন।কমিটির সভাপতি জানান, গণশুনানিতে প্রান্তিক মানুষের সঙ্গে আলোচনা করে জলবায়ুর পরিবর্তনজনিত যেসব সমস্যার কথা পাওয়া গেছে, তা কমিটির আগামী বৈঠকে উপস্থাপন করা হবে। পরে তা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ আকারে পাঠানো হবে।কমিটির সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, মোসলেম উদ্দিন, জিল্লুল হাকিম, মীর শওকত আলী বাদশা, মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও নুর আফরোজ আলী অংশ নেন।