হাটিকুমরুল-বনপাড়া সড়কে গর্ত
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে নতুন করে গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা।এই সড়কের দক্ষিণ পাশে হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত পার্শ্বসড়কেও (বাই লেন) গর্ত ও খানাখন্দ হয়েছে। ফলে এই সড়কে যান চলাচল তিন-চার দিন আগে বন্ধ হয়ে গেছে। ছোট সড়কের হরিণচরা থেকে মান্নাননগর পর্যন্ত অংশে আটটি স্থান ধসে গেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার সঙ্গে সহজ যোগাযোগের জন্য ১৯৯৬ সালে হাটিকুমরুল-বনপাড়া সড়কের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ শেষে ২০০১ সালে এই সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।সরেজমিনে যানবাহনের চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত চার-পাঁচ দিনের বৃষ্টির কারণে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে কাঁছিকাটা পর্যন্ত ২৫ কিলোমিটারের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।মান্নাননগর এলাকার নূরুল ইসলাম ও ট্রাকচালক রহমত আলী গত মঙ্গলবার জানান, ঈদুল ফিতরের আগে এই সড়কের কয়েকটি স্থানে মেরামত করা হয়। বৃষ্টির পানি জমে থাকায় সেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন করেও বহু গর্তের সৃষ্টি হয়েছে। গত তিন দিনে এই সড়কে গর্তে পড়ে তিনটি গাড়ি উল্টে গেছে, পাঁচটি গাড়ির এক্সেল ও পাতি ভেঙেছে। এতে বেশ কয়েকজন আহত হয়।এ ছাড়া নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার পাঁচ কিলোমিটার অংশেও বহু গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে দেবে গেছে। ফলে সড়কটি নতুন করে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলম জানান, এক মাস আগে যেসব স্থানে মেরামত করা হয়েছিল, সেসব স্থানের ১০ থেকে ১৫ শতাংশে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া নতুন করে অনেক গর্ত হয়েছে। গর্তগুলোতে প্রাথমিকভাবে ইটের খোয়া-পাথর দিয়ে যান চলাচলের উপযোগী করা হচ্ছে। তিনি আরও জানান, সড়কটির মূল সংস্কারকাজ শুরু করার জন্য ঠিকাদারকে তিন মাস আগে কার্যাদেশ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থামলে মূল কাজ শুরু করা হবে। পার্শ্বসড়কের ব্যাপারে নির্বাহী প্রকৌশলী বলেন, এই সড়কের অবস্থা করুণ হলেও আমরা বর্তমানে মূল সড়কের দিকে নজর রেখেছি। তা ছাড়া এই সড়কের বিপরীতে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। নগরবাড়ী-বগুড়া মহাসড়কের গর্ত হওয়া স্থানেও প্রাথমিক মেরামত কাজ দু-এক দিনের মধ্যেই শুরু করা হবে।