হাটের আগেই কোরবানির পশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দয়াগঞ্জ রোডে দুটি নাদুসনুদুস গরু নিয়ে সড়ক পার হচ্ছিলেন কবির আহমেদ। গরু দুটিকে আগলে পথ চলছিলেন তিনি। অথচ কয়েক দিন আগেও নগরবাসী গরুর অ্যানথ্রাক্স আতঙ্কে আতঙ্কিত ছিলেন। সামনে আসছে কোরবানির ঈদ। তাই নগরবাসীও নড়েচড়ে বসেছেন। জমতে শুরু করেছে গরুবিষয়ক আলাপ-আলোচনা। এমনি এক আলোচনা চলছিল ধূপখোলা মাঠে। সেখানেই দেখা হয় কবির আহমেদের সঙ্গে। তিনি জানান, প্রতি বছরই রমজান মাসের ঈদের পর সোনারগাঁ বা কুমিল্লার আশপাশ থেকে গৃহস্থ ঘরের গরু কিনে আনেন তিনি। তারপর কয়টা দিন পুষে কোরবানি দেন। প্রায়ই গরুকে হাঁটাতে নিয়ে আসেন ধূপখোলায়।ঢাকা শহরে এমনিতেই হাঁটাচলা দায়। গরু চরানোর মতো নিরাপদ জায়গা নেই বললেই চলে। তার পরও কেউ কেউ কোরবানির আগ থেকেই গরু কিনে পোষা শুরু করে দিয়েছেন। কেউ পুষছেন নিজের বাড়ির আঙিনায়। আবার কেউ শহর থেকে একটু দূরের কোনো খামারে গরু কিংবা ছাগল লালন-পালন করাচ্ছেন।‘এবার মাসখানেক আগেই গরুর বায়না করে রেখেছি। গাজীপুরের কাপাসিয়ায় আমাদের বায়না করা গরু বেড়ে উঠছে। ঈদের তিন-চার দিন আগে ঢাকায় আনা হবে।’ বলছিলেন ইসলামপুরের আলিম ও জাকির। কথা বলে জানা যায়, ঢাকায় এমন অনেক নগরবাসী রয়েছেন, যাঁরা আগ থেকে গরু কিনে রাখেন। তারপর গরুর খাবার খরচ পাঠান নিয়মিত। লালন-পালনের জন্য গৃহস্থও কিছু অর্থকড়ি পান। ঈদের আগে আগে গরুগুলোকে নিয়ে আসা হয় ঢাকায়।আবার নিজের বাড়িতে একটু খোলা জায়গা থাকলে কোরবানির পশু পালার কাজটি নিজেরাই করছেন অনেকেই। চুড়িহাট্টার আনিস রহমান কোরবানির জন্য গরু কিনেছেন মাস দুয়েক আগে। এদের একটি থেকে সোয়া এক লিটারের মতো দুধ পাচ্ছেন প্রতিদিন। একজন রাখাল রেখে দেখভালের দায়িত্বও দিয়েছেন তার ওপর। আনিস রহমান জানান, ‘স্ত্রী, ছেলেমেয়েদের শখ বাড়িতে গরু পোষার। সারা বছর সম্ভব হয়ে ওঠে না। তাই কোরবানির মাস দুয়েক আগ থেকে গরু লালন-পালন করে কোরবানি করি।’আবার গুলশান-বনানীর অনেক বাসিন্দা গরু কিনে রেখেছেন মেরাদিয়া, বাড্ডা, সাঁতারকুল আর খিলগাঁওয়ের আশপাশে। সেখানে যত্ন-আত্তি নিয়ে বেড়ে উঠছে এক একটা কোরবানির পশু। ঢাকা সেনানিবাসের শাহজাহান হাওলাদার দুটি গরু কিনে লালন-পালন করতে দিয়েছেন গোড়ানের এক খামারে। সেখানে আরও আট ১০টি গরুর সঙ্গে বেড়ে উঠছে তাঁর গরু। সপ্তাহে রাখাল খরচ আর খাবার খরচ দেন শাহজাহান হাওলাদার।শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে দেখা মিলল এমন একটি গরুর গোয়ালঘরের। সেখানে গরুর যত্ন-আত্তি করছিলেন রাখাল আবদুল মান্নান। তিনি বলেন, ‘ঢাকায় এখন আর গরু পালইন্যা মানুষ পাওন যায় না। রহিস কিছু ঢাকাইয়্যা আছে যারা সারা বচ্ছর গরু পালে। আবার অনেকে কোরবানির ঈদের আগে আগে গরু পালা শুরু করে।’