হাড়কাঁপানো শীতে জবুথবু দেশ
সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র শীতে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের কয়েকটি এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া ঠান্ডাজনিত কারণে গত দুদিনে প্রায় ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়ালাগাতার শৈত্যপ্রবাহ আর কনকনে হিমেল হাওয়ায় বগুড়ার স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতা থেকে বাঁচতে শহর ও শহরতলি অনেককেই কাগজ ও টায়ারে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।বগুড়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ হারুনুর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ বগুড়ায় সর্বনিম্ন ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও দুদিন এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান জানান, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭২ জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত ২৬ জন শিশু ভর্তি হয়েছে।রাজশাহীশীতে রাজশাহীতে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২৩ জানুয়ারি রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরের মধ্যে এটা রাজশাহীতে সর্বনিম্ন তাপামাত্রা। এ ছাড়াও ২০০৫ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ২২ জন শিশুকে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশু মারা গেছে। উলিপুর (কুড়িগ্রাম)কুড়িগ্রামের উলিপুরে দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহের কারণে গত ২৪ ঘণ্টায় দুই শিশু ও দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। দুদিন ধরে সূর্যের মুখ দেখা না যাওয়ায় এবং তাপমাত্রা সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায়, জনজীবন অচল হয়ে পড়েছে। উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত তিন দিনে শিশু ও বৃদ্ধসহ মোট ১৫ জন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।সাতক্ষীরাপ্রচণ্ড ঠান্ডায় গতকাল মঙ্গলবার রাতে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছে আইলাদুর্গত শ্যামনগর ও তালা উপজেলার জলাবদ্ধ এলাকার মানুষ।খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, মঙ্গলবার রাতে ঠান্ডাজনিত রোগে খলিলনগর গ্রামের জবেদ সরদার (৭০), মোড়ল (৪২), গঙ্গারামপুর গ্রামের গোলাম রজক (৫৫) ও নলতা গ্রামের রফি মোড়ল (৬৫)। নীলফামারীনীলফামারীতে শীতজনিত কারণে গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন জ্বালাতে গিয়ে তিন নারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিস, সৈয়দপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।কুডিগ্রামকুড়িগ্রামে টানা তিন দিনের তীব্র শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। শহর-গ্রাম সর্বত্র আগুন জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে বিভিন্ন বয়সী মানুষ।এ দিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। জেলা সদর হাসপাতালে শীতজনিত রোগে চিকিত্সাধীন ৪০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম পৌরসভার বাগডোবাপাড় এলাকার আবদুর রহমান (৫৮), সেনের খামার গ্রামের আছিয়া বেওয়া (৬৮), উলিপুর উপজেলার পাণ্ডুল এলাকার রহিমা বেওয়া (৬৫) ও গুনাইগাছ এলাকার মনজু মিয়া (৪৫), রাজীবপুর উপজেলার সাজাই গ্রামের আজগার আলী (৭০)। কমলগঞ্জ (মৌলভীবাজার)ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় কমলগঞ্জ উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবার কমলগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। শীতে আক্রান্ত হয়ে গত তিন দিনে কমলগঞ্জে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শমশেরনগর চা-বাগান ওয়ার্ড ইউপি সদস্য সীতারাম বীন জানান, শীতের তীব্রতায় গতকাল মঙ্গলবার রাতে আপ্তামা রেলী (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক মহিলা চা-শ্রমিক মারা গেছেন। এর আগে রোববার শমশেরনগরের ফাঁড়ি ডবলছড়া চা-বাগানের লাল বাবু মৃধা (৪৫) ও কানিহাটি চা-বাগানে বাবু লাল রিকিয়াসন (৫০) নামের দুজন চা-শ্রমিক মারা গেছেন।এ ছাড়াও গতকাল রাতে শীতে আদমপুর ইউনিয়নের কোণাগাঁওয়ের আমুতন মিয়া (৮৫) ও ইসলামপুর ইউনিয়নের কানাইদামী গ্রামের হোছনা বিবির (৮৬) মৃত্যু হয়েছে। তবে এই দুই পরিবারের লোকজন তাঁদের মৃত্যুর কথা স্বীকার করলেও শীতের কারণে মারা গেছেন মানতে রাজি নন। ফরিদপুরশীতের সাথে কুয়াশা যুক্ত হওয়ায় ফরিদপুরে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আজ ছিল ফরিদপুরের সবচেয়ে শীতলতম দিন। ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা এস এম সুরজুল আমীন জানান, আজ ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৬, যা গত ছয় বছরের মধ্যে রেকর্ড।চুয়াডাঙ্গাতীব্র শৈত্যপ্রবাহের কারণে শীত জেঁকে বসেছে। আজ সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৬ বছরে এটা সর্বনিম্ন তাপমাত্রা।গত কয়েক দিনে শীতজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের বেশির ভাগই রোটা ভাইরাস, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। ঈশ্বরদী (পাবনা)তীব্র শৈত্যপ্রবাহে ঈশ্বরদীর শীতার্ত মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শহরের বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে সাধারণ মানুষকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হাসান ইমাম জানান, আজ ঈশ্বরদীতে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এদিকে প্রচণ্ড ঠান্ডার কারণে ঈশ্বরদীর ৫০ শয্যার হাসপাতালে শিশুসহ শীতজনিত রোগীদের চাপ বাড়ছে। গতকাল মঙ্গলবার রাতে শীতজনিত রোগে শহরের দড়িনারিচা এলাকার চামড়া ব্যবসায়ী নবাব আলী (৬৫) অসুস্থ হয়ে মারা যান।মানিকগঞ্জমানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রচণ্ড শীতে গতকাল মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা গ্রামের আবদুল মালেক শেখ (৪০) এবং চকমিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আয়নাল মোল্লা (৪৮)। তাঁরা দুজনই কৃষক। বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ সরকার ও চকমিরপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।গাইবান্ধাগাইবান্ধায় ঠান্ডাজনিত কারণে গত দুদিনে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার সুন্দরগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা সাহেবানী বেগম (৫৫) মারা যান। গতকাল মঙ্গলবার একই উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের ভোলা মিয়া (৬০), কলেজপাড়া গ্রামের আশরাফুল মিয়া (৭০) ও গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের আলেয়া বেগম (৫৫) মারা গেছেন।রংপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ গাইবান্ধায় তাপমাত্রা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।