হাত জোড় করে বলি, ইমারত বিধিমালা মেনে চলুন: গণপূর্ত প্রতিমন্ত্রী
‘আপনাদের কাছে হাত জোড় করে বলি, ভবন তৈরির সময় ইমারত বিধিমালা মেনে চলুন। আসুন, আমরা আইন মেনে চলি। এখনো যদি আমরা জেগে না উঠি, ইমারত বিধিমালা মেনে না চলি, তাহলে আমাদেরকে ভয়াবহ খেসারত দিতে হবে।’ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান আজ শনিবার বাড়ির মালিকদের উদ্দেশে এ কথা বলেন। তিনি আজ সন্ধ্যায় পূর্ব নাখালপাড়া সমিতিবাজার এলাকায় একটি হেলে পড়া ভবন দেখতে যান। সেখানে তিনি সাংবাদিকদের উপস্থিতিতে এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘গত কয়েক দিনে ঢাকায় যা যা হয়েছে, তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভবন তৈরির সময় যা যা করা প্রয়োজন, তা না করলে ফল কী হয়, তা আমরা দেখতে পেয়েছি।’এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারার জন্য গণমাধ্যমকে দোষারোপ করেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সরকার সজাগ ও সচেতন। কিন্তু অবৈধ স্থাপনা ও বস্তি উচ্ছেদ করতে গেলে অনেক চিহ্নিত গোষ্ঠী বিরোধিতা করে। পত্রিকাও বড় বড় করে শিরোনাম করে তাদের পক্ষ নেয়।আরেক প্রশ্নের জবাবে মান্নান খান বলেন, যিনিই আইন অমান্য করবেন, তাঁর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে মনে রাখবেন, আইন যতই কঠিন হোক না কেন, যাদের ওপর আইন প্রয়োগ করা হবে, তারা আইনের প্রতি শ্রদ্ধা না দেখালে কাজ হবে না।