হাত-পায়ে শেকল বাঁধা লাশটি রমনা মসজিদের ইমামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে হাত-পায়ে শেকল বাঁধা অবস্থায় গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করা লাশটির পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রমনা থানা জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইসহাক (৫০)।গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে নিহত ইসহাকের ছোট ভাই মোহাম্মদ শোয়াইব লাশটি শনাক্ত করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, তাঁর ভাই স্ত্রী-সন্তান নিয়ে মসজিদের পাশে একটি কোয়ার্টারে থাকতেন। গত ২০ ডিসেম্বর জোহরের নামাজের পর এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁর ভাইকে নিয়ে যায়। এর পর থেকে তাঁর ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।শোয়াইব বলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক একটি লাশ উদ্ধারের কথা জানিয়ে তাঁকে মর্গে যেতে বলেন। পরে মর্গে গিয়ে তাঁর ভাইয়ের লাশ শনাক্ত করেন তিনি। গতকাল পুলিশ কর্মকর্তাসহ ইসহাকের স্বজনেরা হাসপাতালে ভিড় করেন। শোয়াইব জানান, তাঁর ভাই ২৬ বছর ধরে মসজিদে ইমামতি করছেন। তাঁর আট মেয়ে ও তিন ছেলে। গ্রামের বাড়ি গোপালগঞ্জের ভবানীপুরে। কে বা কারা, কী উদ্দেশ্যে তাঁর ভাইকে হত্যা করেছে, তিনি তা জানেন না বলে জানান।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, নিখোঁজ হওয়ার পরদিন শোয়াইব অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় অপহরণের মামলা করেন। হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ কিছু বুঝে উঠতে পারছে না বলে তিনি জানান। বৃহস্পতিবার স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির ১৪৯/এ নম্বর বাড়ি নর্দার্ন নিরালয় অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে হাত-পায়ে শেকল বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় শেরেবাংলা নগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফ্ল্যাটের তত্ত্বাবধানকারী আতিকুল ইসলামের কাছ থেকে মাসুদ রানা নামের এক ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নেন। কিন্তু নিহত ব্যক্তিকে তিনি আগে কখনো দেখেননি বলে তত্ত্বাবধানকারী পুলিশকে জানান।লাশ উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করে। শেরেবাংলা নগর থানার ওসি মো. রিয়াজ হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি। থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে।