হাত বাড়িয়ে দাও...
শান্ত স্বভাবের তরুণ। শহরের একটি নামী কলেজে পড়তেন। নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা। বাবা ব্যবসায়ী, মা স্কুলশিক্ষিকা। বছর তিনেক আগে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এর পর থেকে প্রায় সারাক্ষণ নেশার ঘোরে আচ্ছন্ন থাকেন। বখাটে বন্ধুদের সঙ্গে নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে বেড়ান, পরিচিত কাউকে দেখলেই টাকার জন্য হাত পাতেন। নেশাগ্রস্ত ও পাগলপ্রায় এই ছেলেকে নিয়ে মা-বাবার দুশ্চিন্তার অন্ত নেই। তাই বাধ্য হয়ে বাবা-মা তাঁকে এখন ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েছেন। এখন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।শুধু ওই তরুণ নন, নেশায় বুঁদ হয়ে আছেন সিলেটের উঠতি বযসী তরুণ ও মধ্যবয়সী অনেকেই। নগরের রায়নগর, দাঁড়িয়াপাড়া, কামালনগর, ছড়ারপাড়, সেনপাড়া, ভাতালিয়া, বাগবাড়ী, সুবিদবাজার ও পাঠানটোলা এলাকার ১৪ জন মাদকসেবীর সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা ফেনসিডিল, গাঁজা, বিভিন্ন ধরনের নেশাজাতীয় বড়ি, ইনজেকশন, চুয়ানি ও দেশি মদে আসক্ত।সিলেটের বিভিন্ন ভাঙারি দোকান, বাসস্ট্যান্ড, পাড়া-মহল্লার আনাচে-কানাচে, নর্দমা ও নালায়, প্রস্রাব করার স্থানে ফেনসিডিলের অসংখ্য খোলা বোতল, বিভিন্ন বড়ির খোলা পাতা পড়ে থাকতে দেখা যায়। সন্ধ্যার পর নগরের বিভিন্ন এলাকায় বাতাসে ভেসে আসে মাদকের উৎকট গন্ধ।নাম প্রকাশে অনিচ্ছুক ভাতালিয়া এলাকার এক অভিভাবক কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আমার ছেলেটা এসএসসি পরীক্ষায় ভালো ফল করে কলেজে ভর্তি হয়েছিল। কিছুদিন ভালোই চলছিল। এরপর কী যেন হয়ে গেল। সারাক্ষণ ঝিম মেরে থাকে। আগে যেখানে ছেলেটার রাগ বলতে কিছুই ছিল না, সেখানে সে অল্পতেই রাগারাগি শুরু করে। পড়াশোনার কথা বললেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এমনকি ছোট ভাইবোনদের কাছে টাকা চেয়ে মারধর করে। পরে বুঝতে পারলাম, ও বাজে বন্ধুদের আড্ডায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েছে। এই ছেলেকে নিয়ে আমরা বড় উৎকণ্ঠায় আছি। কী যে করি!’সিলেটে মাদকসেবী সংখ্যার অর্ধেকের বেশি তরুণ। এই তরুণদের মধ্যে অনেকেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনেক সময় মাদক সেবনের জন্য টাকা পেতে ওই তরুণেরা চুরি-ছিনতাইয়ের মতো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে। তরুণদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে বলে পুলিশ, প্রশাসন ও নগরবাসী জানায়। নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সী শেখর বলেন, নগরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও গাঁজায় আসক্তের সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। কলেজ ও স্কুলপড়ুয়া অনেকে এসব নেশায় আসক্ত হয়েছে।