হাতঘড়ির হালহকিকত
পকেটের মুঠোফোন সেটেই যদি সময় জানার কাজটা হয়ে যায়, তাহলে আর পয়সা খরচ করে হাতঘড়ি কেনা কেন? কিন্তু এ কথাটা আপনার একদমই মনে হবে না, যদি বনানীর ঘড়ির দোকান টাইম জোনে একবার ঢুঁ মারেন। ৪২ কামাল আতাতুর্ক রোডের ইকবাল সেন্টারের নিচতলায় এ দোকানে বিশ্বের নামীদামি ১৭টি ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায়। রাডো, লনজিন্স, টিসো, সেলক্স, রোমানসন, পিয়েরে কার্ডিন, টাইমেক্স আর টাইটানের মতো বিখ্যাত সব ব্র্যান্ডের নানা ধাঁচের ঘড়ি। তাই শহরের অভিজাত ব্যক্তিদের হরদম আসা-যাওয়া আছে টাইম জোনে। এখানে ক্রেতাদের ঘড়ি পছন্দ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এমন কথাই বলছিলেন টাইম জোন পরিচালনাকারী প্রতিষ্ঠান কল্লোল গ্রুপ অব কোম্পানিজের বিপণন বিভাগের ব্যবস্থাপক শেখ শাহিদ আলী। তাঁর ভাষ্য, ‘আপনার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায় এমন ঘড়ি যদি আপনি হাতে পরেন, তাহলে অবশ্যই আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে।’বায়তুল মোকাররমের নিচতলায়ও কিন্তু প্রচুর ঘড়ির দোকান রয়েছে। নানা নামের আর দামের ঘড়ি পাওয়া যায় এসব দোকানে। ১৫০-২০০ টাকার সস্তা ঘড়ি থেকে শুরু করে নামীদামি ব্র্যান্ডের রেপ্লিকা বা হুবহু নকলও পাওয়া যায় এখানকার দোকানে। সে কথাই বলছিলেন ‘ঘড়ি বিপণি’-এর বিক্রয়কর্মী মাহফুজুর রহমান, ‘আমাদের এই দোকানে ২০০-৩০০ টাকা থেকে শুরু করে ২০-২৫ হাজার টাকার ঘড়িও পাওয়া যায়। যাঁরা সস্তায় ঘড়ি কিনতে চান, তাঁদের জন্য চায়না ঘড়ি আছে। আর যাঁরা লাখ টাকা দিয়ে রোলেক্স ঘড়ি কিনতে পারেন না কিন্তু সেটা পরার শখ আছে, তাঁরা ২০-২৫ হাজার টাকা খরচ করে রোলেক্সের রেপ্লিকা কেনেন আমাদের কাছ থেকে।’আবার এখানেই কেউ কেউ আছেন, যাঁরা নামীদামি ব্রান্ডের ঘড়ি ছাড়া অন্য কোনো ঘড়ি বিক্রি করেন না। যেমন সাকোর কথাই ধরা যাক। ১৯৫৯ সাল থেকে আজ পর্যন্ত ঘড়ি নিয়েই ব্যবসা তাদের। ওমেগা, রোমার, টিটোনি, পিয়েরে লেনিয়ার আর ট্যাগ হোইয়ারের দুর্দান্ত সব ঘড়ি আছে এখানে। সাকোতে ঘড়ি কিনতে এসেছিলেন পুরান ঢাকার ব্যবসায়ী বাপ্পী। তিনি বলেন, ‘আমার দাদা এহান থেইকা ঘড়ি নিয়া পরছে। আমার বাবা পরছে, অখন আমিও পরি।’ যে ঘড়িটা নেড়েচেড়ে দেখছিলেন, দোকানি সে ঘড়িটার দাম বলছিলেন দুই লাখ টাকার কাছাকাছি। এত দাম দিয়ে ঘড়িটা নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দাম কোনো সমস্যা নয়, ঘড়িটা পছন্দ হওয়াই আসল কথা।’নামী ব্র্যান্ডের পাশাপাশি সাকোর ডালিতে রয়েছে বিচিত্র সব ঘড়ি। যেমন ওমেগার জেমস বন্ড সিরিজের ঘড়ি। মানে জেমস বন্ডখ্যাত ড্যানিয়েল ক্রেইগ, এই নকশার ঘড়ি হাতে দিয়ে অভিনয় করেছিলেন কোয়ান্টাম অব সোলেস-এ। কিংবা নভোচারীদের ঘড়িও পাওয়া যায় এখানে। এ ঘড়িটা এমন কায়দায় তৈরি যে ভরশূন্য অবস্থায়ও সেটা বন্ধ হয় না। তাই নভোচারীরা এ ঘড়ি ব্যবহার করেন বলে তাঁদের দাবি। তবে ঘড়ি সে যে ব্র্যান্ডেরই হোক, তার মান নিয়ে কোনো আপস করে না সাকো। অন্তত সাকোর কর্ণধার আতিকুর রহমানের দাবি এমনটাই—‘ঘড়ির ব্যবসা আমাদের তিন পুরুষের। সেই ১৯৫৯ সাল থেকে এ দেশের মানুষের জন্য ভালো মানের ঘড়ি আমদানি করছে সাকো। ঘড়ির মান নিয়ে কোনো দিন আপস করি না আমরা। সে জন্যই আমাদের সুনামটা এখনো অটুট।’