হাতলবিহীন পলিথিনে বাজার সয়লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণকারী পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসায়ীরা পলিথিনের শপিং ব্যাগের উৎপাদন ও বিক্রি চালিয়েই যাচ্ছেন। আইন অমান্য করে প্রকাশ্যেই পলিথিন ব্যাগের বিক্রি ও ব্যবহার করা হচ্ছে। নগরের এমন কোনো বাজার নেই, যেখানে পলিথিন ব্যাগের ব্যবহার করা হচ্ছে না। তবে আগের পলিথিন ব্যাগের সঙ্গে বর্তমানে ব্যবহার হওয়া ব্যাগের সামান্য পার্থক্য আছে। আগের ব্যাগে হাতল ছিল, এখন হাতল ছাড়া পলিথিন ব্যাগ পাওয়া যাচ্ছে অহরহ।খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালের ৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব ধরনের পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ নিষিদ্ধ করে। কিন্তু আইনে নিষিদ্ধ হলেও এর উৎপাদন, বিক্রি ও ব্যবহার থেমে নেই।পলিথিনের ব্যবহার বাড়ছেইমিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডে অবস্থিত কাঁচাবাজার থেকে বাজার করছিলেন সোহরাব উদ্দিন। তাঁর হাতে দুটি পলিথিনের শপিং ব্যাগ। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘ভাই, আমাদের তো কিছু করার নেই। দোকানিরা আমাদের ধরিয়ে দিলে আমরা কী করব?’ ক্রেতা আলু আর মরিচের একটি পলিব্যাগ এগিয়ে দিলেন সোহরাব উদ্দিনের দিকে। পলিথিনের ব্যাগ দিচ্ছেন কেন জানতে চাইলে দোকানি বলেন, ‘পলিথিন ছাড়া সদাইপাতি দিমু কেমনে? কাগজের ব্যাগে কি ঝুলাইয়া নেওয়া যাইব?’তবে কাঁচাবাজারগুলোতে কিছুটা কাগজের ব্যাগের ব্যবহার থাকলেও পলিথিনের তুলনায় তা সামান্য। নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার, কারওয়ানবাজার, মহাখালীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ব্যাগ বিক্রির দোকানগুলোয় চটের ব্যাগ তেমন একটা নেই। পলিথিনের ব্যাগ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তাই এর পরিমাণটাও বেশি। আবার সিমেন্টের মোড়ক দিয়ে তৈরি ব্যাগও দেখা গেল। কারওয়ানবাজারের একজন ব্যবসায়ী বলেন, ‘পলিথিনের ব্যাগের চাহিদা বেশি, এর বেচাকেনাও বেশি। চটের ব্যাগের দাম বেশি বলে মানুষ তা ব্যবহার করতে চায় না।’ কোথা থেকে নিয়ে আসেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘নিয়া আসি না, আমাদের এখানেই পাইকাররা আইসা দিয়া যায়।’ তবে তিনি জানান, পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজারে পলিথিন ব্যাগ বিক্রির দোকানের অভাব নেই। কাঁচাবাজার এবং ফুটপাত থেকে কেনা ক্রেতাদের হাতে হাতে পলিথিনের শপিং ব্যাগ দেখা গেছে।উৎপাদন থেমে নেইপলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ হলেও তা মানছে না অনেকে। পুরান ঢাকার ইসলামবাগ, কামালবাগ, সোয়ারীঘাট এলাকায় পলিথিন ব্যাগ উৎপাদনের অর্ধশতাধিক কারখানা রয়েছে। কারখানাগুলোতে অপরিচিত লোকজনের প্রবেশ নিষেধ। কারখানার মালিকেরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। ইসলামবাগের একটি কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক বলেন, ‘মালিক যা বানাইব, আমাগোর তো তাই করতে হইব। হেই যদি চটের ব্যাগ বানায়, আমরা তাই বানামু। পলিথিনের ব্যাগ বানাইলে এটাই বানামু।’ এসব কারখানায় মোটা পলিথিন উৎপাদনের পাশাপাশি পলিথিনের শপিং ব্যাগও উৎপাদিত হচ্ছে। তারপর এসব যাচ্ছে চকবাজার, মৌলভীবাজারের পাইকারি দোকানগুলোয়। চকবাজারে গিয়ে দেখা গেছে, পাশাপাশি সব দোকানের সামনে কাগজের ব্যাগের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু এখানে বিক্রি হচ্ছে পলিথিনের শপিং ব্যাগ এবং দোকানভর্তি শুধু পলিথিনের ব্যাগ। এখানকার একজন ব্যবসায়ী জানান, কাগজের ব্যাগগুলো লোকদেখানো। এসবের পাশাপাশি পলিথিনের ব্যাগই তাঁরা বিক্রি করেন। হারিছ নামের একজন বিক্রেতা বলেন, ‘কাগজের ব্যাগ চলে না। পলিথিনের ব্যাগে লাভ বেশি, বিক্রিও বেশি, তাই বিক্রি করি।’পাটের ব্যাগ কোথায়পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ পাস হলেও তার কোনো প্রয়োগ নেই। বাজারে পাওয়া সব ধরনের পণ্যের মোড়কেই পলিথিন দেখা গেছে। এ ছাড়া পলিথিনের ব্যাগ ব্যবহার না করে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে—এমনটাও মানছে না কেউ।পাটশিল্পকে রক্ষার দোহাই দিয়ে বেশ কিছুদিন আগে পাটের ব্যাগ ব্যবহারের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া পর্যন্তই তাদের কাজ শেষ। আর কোনো অগ্রগতি নেই। বিজেএমসির বিপণন শাখার একজন কর্মকর্তা জানান, কয়েক বছর আগে বিজেএমসি প্রচুর পাটের ব্যাগ উৎপাদন করে। কিন্তু দামে বেশি হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতা কেউই তা নিতে চায়নি। তখন অনেক টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া পাটের ব্যাগের চাহিদাও কম।কর্তৃপক্ষ কী করছেপলিথিনের শপিং ব্যাগের সব ধরনের ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা শুধু কাগজে-কলমেই রয়ে গেছে। বাস্তবে দেদার ব্যবহার হচ্ছে পরিবেশদূষণকারী পলিথিনের ব্যাগ। উৎপাদন, বাজারজাত, বিক্রি ও ব্যবহার কোনোটাই থেমে নেই। কাঁচাবাজার ও পাইকারি দোকান সূত্রে জানা গেছে, পলিথিনের ব্যাগ নিষিদ্ধ হলেও তাদের বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না। পলিথিনের ব্যাগ নিষিদ্ধ হওয়ার পর বেশ কিছুদিন পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান চালালেও এখন আর অভিযান চালানো হয় না। এ কারণেই আবার বেড়ে গেছে পলিথিনের ব্যবহার।পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর কী করছে, এমনটা জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম বলেন, ‘পলিথিনের উৎপাদন বন্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এতে পলিথিন উৎপাদনের কারখানার বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল জব্দ করে কারখানা সিলগালা করা হচ্ছে।’ পলিথিনের কারখানার পাশাপাশি পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালানো হয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘পলিথিনের ব্যবহার বন্ধে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন তা হচ্ছে সচেতনতা। সাধারণ মানুষ যদি সচেতন হয়, পলিথিনে বাজার না নেয়, তাহলেই এর ব্যবহার বন্ধ হয়ে যাবে।’