হাতি নিয়ে চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বিজয় মেলার সার্কাসের হাতি নিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। হাতি দিয়ে টাকা তোলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। তবে তিনি এর দায় নিতে অস্বীকার করেন। জেলা প্রশাসক এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান। শহরের বিভিন্ন দোকানদার, পথচারী ও এলাকাবাসী অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি পুরাতন আদালত ভবন মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করে। সেখানে সার্কাসের প্রদর্শনীর জন্য দুটি হাতি নেওয়া হয়। মেলার শুরুর দিকে হাতিগুলো শহরের বিভিন্ন সড়কে বের করে দোকানদার ও পথচারীদের কাছ থেকে টাকা নেওয়া শুরু হয়। প্রথম দিকে লোকজন আগ্রহ নিয়ে টাকা দিলেও এখন তারা অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রথমে কেবল প্রধান সড়কে হাতি নিয়ে টাকা তোলা হতো। এখন বিভিন্ন পাড়া-মহল্লায় ঢুকে টাকা নেওয়া হচ্ছে। শহরের কলেজ গেট এলাকার যুবক আনান দেওয়ান অভিযোগ করেন, গতকাল শুক্রবার সকালে একটি হাতি নিয়ে তাঁদের মহল্লায় ঢুকে রাস্তায় ও বাড়ি বাড়ি গিয়ে টাকা নেওয়া হয়েছে। তিনিও টাকা দিয়েছেন। টাকা না দিলে বাড়ির গাছ, বাঁশের বেড়া ভেঙে ফেলার উপক্রম করে হাতি। অনেকের কাছ থেকে ২০০-৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের একজন কর্মচারী বলেন, তিনি চম্পকনগর থেকে মোটরসাইকেলে বের হওয়ার সময় হাতি সড়ক অবরোধ করে। এ সময় তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে টাকা দিলে হাতিটি যাওয়ার রাস্তা করে দেয়।আরেক দোকানদার মো. মোস্তফা বলেন, হাতি যখন প্রথম এসেছিল, তখন টাকা দিয়ে বেশ মজা পেয়েছি। এখন দিতে না চাইলে হাতি দোকানের আসবাবপত্র ভেঙে দেওয়ার চেষ্টা করে। এভাবে প্রতিদিন টাকা দিতে ভালো লাগে না। এখন এটা রীতিমতো চাঁদাবাজির মতো হয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রোবার্ট রোনাল্ড বলেন, ‘হাতি নিয়ে টাকা তোলার বিষয়টি জানি। কিন্তু সার্কাসের বাইরে হাতি কী করল না করল, তা আমাদের দেখার দায়িত্ব নয়।’ তিনি একপর্যায়ে বলেন, ‘হাতি যদি ১০-২০ টাকা নেয়, তাতে সাংবাদিকদের এত মাথাব্যথা কেন?’ জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, ‘হাতি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে টাকা তুলতে দেখেছি। আর যেন হাতি বের করা না হয়, তা বলে দিচ্ছি।’