হাতিয়ায় জলদস্যুকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গতকাল রোববার গভীর রাতে আবদুর রেজ্জাক (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি হাতিয়ার চানন্দি ইউনিয়নের নলেরচরের আল-আমিন সমাজ গ্রামে। পুলিশ আজ সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে।পুলিশের দাবি, তিনি জলদস্যু বাহিনীর সদস্য ছিলেন। এ ছাড়া একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত দুইটার দিকে এলাকার বেলাল হোসেন ওরফে টেগরা বেলাল ও রহিমের নেতৃত্বে ৩০-৩৫ জনের সন্ত্রাসী দল ধারাল অস্ত্র নিয়ে নলেরচরের চানন্দি বাজারের কাছে আবদুর রেজ্জাকের বাড়িতে হামলা চালায়। তারা রেজ্জাককে ঘর থেকে ডেকে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। স্বামীকে বাঁচাতে গিয়ে রেজ্জাকের স্ত্রী হাসনা বেগমও গুরুতর আহত হন। তাঁকে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ আজ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়ার নলেরচরের মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) প্রথম আলো ডটকমকে বলেন, রেজ্জাক জলদস্যু নিজাম বাহিনীর সদস্য ছিলেন। তিনি একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। রেজ্জাক হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।