হাতিয়ায় সাংসদ ফজলুল আজিমের ওপর হামলা, আহত ২
নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম আজ বুধবার তাঁর নির্বাচনী এলাকা হাতিয়া যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন। সকাল ১০টার দিকে হাতিয়ার বয়াচরের চেয়ারম্যানঘাটে ২০-২৫ জন সাংসদ আজিমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে সাংসদের সঙ্গী হিমেল (২৮) ও মাহবুব (২৬) আহত হন। হামলাকারীরা এ সময় সাংসদ ও তাঁর সঙ্গীদের বহনকারী দুটি গাড়ি ভাঙচুর করে।এ ঘটনায় সাংসদ ফজলুল আজিম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, হাতিয়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলীর ইন্ধনে তাঁর সমর্থক ২০-২৫ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার ফজলুল আজিমের লোকজন বয়ারচরের নিরীহ কয়েক ব্যক্তিকে মারধর করলে চরের লোকজন সাংসদ আজিমের কাছে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন বলে তিনি শুনেছেন।চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে জানান, তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন। সাংসদ গাড়িতে চেয়ারম্যানঘাটে পৌঁছানোর পর তাঁর ওপর হামলা হয়।