ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট দেওয়ার নির্দেশ
হাতিরঝিল নববর্ষের উপহার: প্রধানমন্ত্রী (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঢাকাবাসীর জন্য এটি নববর্ষের উপহার। আমরা এ উপহার দিতে পেরে আনন্দিত।’ আজ বুধবার সকালে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে তিনি এ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ফ্ল্যাট দেওয়ার নির্দেশ দেন।প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ফ্ল্যাট দিতে হবে। ফ্ল্যাট নির্মাণের আগেই তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। কারণ, ক্ষতিগ্রস্ত না হয়েও অনেকে তালিকায় ঢুকে পড়ে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা তখন কিছু পায় না। ক্ষতিগ্রস্তদের নাম আগে ঢুকাতে হবে।’এ প্রকল্প নিয়ে গণমাধ্যমে নানা সময়ে করা প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। সেটা নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে। যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের ধন্যবাদ। তাঁদের কারণেই আমাদের দৃষ্টি সব সময় এদিকে ছিল। ভুল-ভ্রান্তি সংশোধনের সুযোগ পাওয়া গেছে।’ তিনি গণমাধ্যমের উদ্দেশে বলেন, সমালোচনা করেন, তবে হতাশা সৃষ্টি করবেন না। কাজ করার আগ্রহ হারিয়ে যেতে পারে, এমন কিছু করবেন না। প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় যত সড়ক আছে, সেগুলো উত্তর থেকে দক্ষিণের যোগাযোগ রক্ষার জন্য। পূর্ব-পশ্চিমের যোগাযোগের সড়ক কম। হাতিরঝিল সে ঘাটতি মেটাবে। হাতিরঝিল প্রকল্পের কারণে যানজট কমবে বলেও তিনি মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্যোগপূর্ণ দেশ। যেকোনো সময় দুর্যোগ ও বন্যা আসতে পারে। প্রকল্প নেওয়ার সময় তাই পানি নিষ্কাষণের ব্যবস্থা রাখার বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেন তিনি।শেখ হাসিনা বলেন, শীতকালে এমনি গাছে পাতা থাকে না, যেসব গাছ লাগানো হয়েছে, সেগুলোতে পাতা গজালে অন্যরকম চেহারা পাবে এই প্রকল্প এলাকা। ঢাকার মানুষের উত্সব-অনুষ্ঠানের স্থান হবে। মানুষ খোলা পরিবেশে নিশ্বাস নেওয়ার সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে লেকের পানিতে হাঁস ছাড়া হয়। নৌকাবাইচের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে প্রকল্প এলাকা সাজানো হয়। প্রধানমন্ত্রী প্রকল্প এলাকা ঘুরে দেখেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, স্থানীয় সাংসদ এ কে এম রহমতউল্লাহ, সাংসদ আসাদুজ্জামান খান কামাল, রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত সচিব শওকত হোসেন।