হাতিরঝিল প্রকল্পের কাজ শেষ হতে আরও এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ ৫৫ শতাংশ শেষ হয়েছে। আগামী বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হতে পারে। কাজ শেষ হলে সোনারগাঁও হোটেলের পেছন থেকে রামপুরা সেতু পর্যন্ত ৯ দশমিক ৮ কিলোমিটার নতুন সড়ক চালু হবে। এতে মগবাজার, তেজগাঁও, কাজী নজরুল ইসলাম এভিনিউসহ আশপাশের এলাকায় যানজট কমতে পারে বলে আশা করা হচ্ছে।এই প্রকল্পের কাজের অংশ হিসেবে কয়েক দিন ধরে টঙ্গী ডাইভারশন সড়ক কেটে এর নিচ দিয়ে বৃষ্টির পানি প্রবাহের জন্য পাইপ বসানো হচ্ছে। ফলে সেখানে বিকল্প সড়ক করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেছেন, দু-তিন দিনের মধ্যে এই কাজ শেষ হবে।গতকাল সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মগবাজার হয়ে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প রাস্তা ধরে ধীরে ধীরে চলাচল করছে। ফলে সেখানে যানজট তৈরি হয়েছে। ইটের রাস্তা ভেঙে এরই মধ্যে ধুলা ছড়িয়ে পড়ায় ওই পথের যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।মগবাজারের বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, ‘শুনেছি, এই প্রকল্প শেষ হলে নাগরিক সুবিধা বাড়বে।’ তবে আসলে কী হচ্ছে বিষয়টি তিনি জানেন না বলে জানান। প্রকল্প ও সমীক্ষাকাজের সঙ্গে যুক্ত একাধিক সদস্য জানান, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর করাই হবে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। এই লক্ষ্যে সোনারগাঁও হোটেলের পেছন থেকে রামপুরা সেতু পর্যন্ত সড়ক ও নর্দমা করার কাজ চলছে। প্রকল্পের টঙ্গী ডাইভারশন সড়ক থেকে রামপুরা সেতু পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। বাকি অংশ সোনারগাঁও হোটেল থেকে টঙ্গী ডাইভারশন পর্যন্ত।প্রধান বিকল্প পথের (মেইন ডাইভারশন স্যুয়ার) মোট সাত কিলোমিটার পাইপলাইনের মধ্যে আড়াই কিলোমিটার বসানোর কাজ শেষ হয়েছে। প্রকল্পে ছয়টি সেতু থাকছে। এসব সেতুর ৯০ শতাংশ পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। প্রকল্পে মোট বাজেট এক হাজার ৪৮০ কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য এক হাজার ৫০ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজউকের চেয়ারম্যান জানান, প্রকল্পের ব্যয় আরও বাড়তে পারে।প্রকল্প পরিচালক রায়হানুল ফেরদৌস প্রথম আলোকে জানান, অধিগ্রহণ করা জায়গায় কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এখনো উত্তর ও দক্ষিণ প্রান্তে ১২০ মিটার জায়গা উদ্ধার করা বাকি আছে। বেগুনবাড়ি খালের ওপর নির্মিত বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৫ তলা ভবন বহাল রেখে কাজ শেষ হবে কি না, এই প্রশ্নে রাজউকের চেয়ারম্যান বলেন, ওই ভবনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।