হাতিরঝিলে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে স্কুল থেকে বাসায় ফেরার পথে পানিতে নেমে বৃষ্টি (৬) ও বৈশাখী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী এলাকার হাতিরঝিল প্রকল্পের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।স্থানীয় লোকজন জানিয়েছে, বৃষ্টি ও বৈশাখী বেগুনবাড়ীতে বেসরকারি সংস্থা (এনজিও) চালিত একটি স্কুলে পড়াশোনা করত। আজ বেলা দুইটার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে তারা হাতিরঝিলে নামে। এ সময় পানিতে একজন ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে ডুবে আরেকজন। এ সময় তাদের সঙ্গে থাকা ইভা নামের আরেক শিশু চিত্কার করলে লোকজন এসে বৃষ্টি ও বৈশাখীকে উদ্ধার করে। পরে বিকেল চারটার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাদের মৃত ঘোষণা করেন।তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, তিনটি শিশু একসঙ্গে পানিতে নেমেছিল। দুজন তলিয়ে গেলেও একজন পারে উঠে এসে সবাইকে বিষয়টি জানায়।নিহত বৃষ্টির বাবা চান মিয়া রিকশাচালক। আর বৈশাখীর বাবা আবু সাঈদ ব্যাগের দোকানে কাজ করেন।