হাতিরঝিলে বিজিএমইএ ভবন ‘বিষফোড়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবান্ধব দেশ গড়তে স্থপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণে অসন্তোষ প্রকাশ করে ভবনটিকে একটি ক্ষতিকর ‘বিষফোড়া’ হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের ২০তম জেনারেল অ্যাসেম্বলি এবং কনফারেন্সের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি স্থাপনা নির্মাণে স্থপতিদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তাঁদের নকশায় তুলে ধরার জন্যও পরামর্শ দেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, স্থপতিদের শুধু ভবনের নকশা ও নির্মাণকাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাঁদের পরিবেশবান্ধব দেশ গড়ার কাজেও মনোনিবেশ করতে হবে।অ্যাসোসিয়েশনের সভাপতি মুবাশ্বের আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক এ এস এম ইসমাইল।এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘স্থাপত্য: সচেতনতা ও দায়িত্ব’। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের এক হাজার ১০০ জন স্থপতি সম্মেলনে যোগ দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশের নিজস্ব বৈশিষ্ট্য, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এগুলো একটি জাতির টিকে থাকার অন্যতম উপকরণ। পাশাপাশি ঋতুবৈচিত্র্য, জলবায়ু ও প্রাকৃতিক বৈচিত্র্য মানুষের জীবন-জীবিকায় নানাভাবে প্রভাব ফেলে। এ জন্য যেকোনো স্থাপনা গড়ে তোলার আগে এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।অপরিকল্পিত নগরায়ণ বর্তমানে সারা বিশ্বের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়েছে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ-সংকট মোকাবিলায় স্থপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরে স্থাপনা নির্মাণে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে একটি পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে ‘ডিটেইলড এরিয়া প্ল্যান’ বা ড্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এটি শুধু ঢাকা শহরের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে না, এলাকাটি ইতিমধ্যে নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। তিনি যেকোনো স্থাপনা নির্মাণকালে তা অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষার জন্য জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, শহরের পাশাপাশি গ্রামগুলোকেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। অনেকে নদী-নালা, খাল-বিল ভরাট করে স্থাপনা নির্মাণ করছে। ঢাকা শহরের দিকে তাকালে দেখা যাবে খাল-বিল ভরাট হয়ে গেছে। অপরিকল্পিতভাবে দালানকোঠায় ভরে গেছে রাজধানী। অনেক এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স যাতায়াতের মতো প্রশস্ত রাস্তাঘাট নেই। সাভার জাতীয় স্মৃতিসৌধ, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, বঙ্গবন্ধু মিউজিয়ামসহ অনেক জাতীয় গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থাপনার নকশা এ দেশের স্থপতিরাই করেছেন—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে তাঁদের মেধা ও পেশাগত দক্ষতা বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।