হাতিরপুলে তরুণীর ২৬ টুকরা লাশ উদ্ধার
রাজধানীর হাতিরপুলের পরীবাগ এলাকা থেকে এক তরুণীর ২৬ টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল পৌনে ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা নাহার প্লাজার ১৩ তলার একটি ট্রাভেল এজেন্সি, পাশের ভবনের ছাদ ও রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরা টুকরা হাড় আর মাংসপিণ্ড উদ্ধার করে পুলিশ। পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ সেখানকার সোনালি ট্রাভেলসের মালিক সাইদুর রহমান ওরফে বাচ্চুকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুর রহমান হত্যা ও লাশ টুকরা করার কথা স্বীকার করেন। তিনি বলেছেন, নিহত তরুণীর নাম সুস্মিতা, বাড়ি গোপালগঞ্জে। সুস্মিতার আরেক নাম পপি বলেও দাবি করেন সাইদুর। ডিসি বলেন, হত্যার কারণ সম্পর্কে সাইদুর তাৎক্ষণিক পুলিশকে যেসব তথ্য দিয়েছেন, তা অবিশ্বাস্য। সাইদুর দাবি করছেন, সুস্মিতার সঙ্গে তাঁর তিন বছর ধরে সম্পর্ক ছিল। গত শুক্রবার রাত আটটার দিকে তাঁকে ট্রাভেলসের কার্যালয়ে নিয়ে আসেন সাইদুর। এরপর বাইরে থেকে কেউ দরজায় করাঘাত করলে আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তিনি সুস্মিতাকে গলা টিপে হত্যা করেন। এরপর লাশ টুকরা টুকরা করে কিছু জানালা দিয়ে বাইরে ছুড়ে মারেন, কিছু টুকরা বাথরুমের কমোডে ফেলে ফ্ল্যাশ করে নিশ্চিহ্ন করার চেষ্টা করেন। সাইদুরের নিজের গ্রামের বাড়ি ফরিদপুর বলে জানিয়েছেন।শাহবাগ থানার পুলিশ জানায়, গতকাল সকালে থানায় এক ব্যক্তি ফোন করে জানান, পরীবাগের একটি চারতলা বাড়ির সামনে পায়ের দুটি হাড় ও একটি পায়ের পাতা পড়ে আছে। পুলিশ গিয়ে টুকরাগুলো উদ্ধার করে এবং পাশের বাড়িতে অভিযান চালায়। পুলিশ বাড়ির ছাদে গিয়ে দেখে, সেখানেও পড়ে আছে লাশের ছিন্নভিন্ন ১২টি টুকরা। তখন ওই বাড়ির লোকজন দাবি করেন, লাশের টুকরা পার্শ্ববর্তী বহুতল ভবন নাহার প্লাজা থেকে ছুড়ে ফেলা হয়েছে। এরপর পুলিশ নাহার প্লাজায় স্কাই গার্ডেন হোটেলে যায়। হোটেলের লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ১৩ তলায় সোনালি ট্রাভেলসের কার্যালয়ে যায়।শাহবাগ থানার অপারেশন্স কর্মকর্তা আশিকুর রহমান বলেন, তাঁরা ট্রাভেল এজেন্সির দরজা ভেতর থেকে বন্ধ পান। ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে মালিক সাইদুর রহমান দরজা খোলেন। এরপর পুলিশ গিয়ে দেখে, বাথরুমের কমোডে চুল ও লাশের ছোট ছোট টুকরা পড়ে আছে। অন্য কক্ষ থেকে রক্তমাখা বঁটি, চাপাতি ও মেয়েটির জামা উদ্ধার করে। এ সময় সাইদুরকে আটক করা হয়। সোনালি ট্রাভেলসেই আগের রাতে বীভৎস এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ মনে করছে।এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য স্কাই গার্ডেন নামের আবাসিক হোটেলের সহকারী ব্যবস্থাপক ফয়েজ আহমেদ, তত্ত্বাবধায়ক মশিউর রহমানসহ কয়েকজনকে আটক করা হয়।শাহবাগ থানার কর্মকর্তা আশিকুর রহমান বলেন, আটক ফয়েজ আহমেদসহ কয়েকজন জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, শুক্রবার রাত আটটার দিকে আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণী সোনালি ট্রাভেলসে যান। প্রায় আধঘণ্টা পর ট্রাভেলসের ভেতর থেকে নারী-কণ্ঠের চিৎকার শুনতে পান। তাঁরা গিয়ে ট্রাভেলসের কার্যালয়ের দরজায় করাঘাত করতেই ভেতর থেকে এক পুরুষ-কণ্ঠ জবাব দেয়, কোনো সমস্যা নেই। এরপর তাঁরা চলে আসেন। পরে কাটাকাটির আওয়াজ শুনতে পান বলে হোটেলের এসব লোক পুলিশকে বলেছেন। ফয়েজ পুলিশকে আরও জানান, শুক্রবার রাত একটার দিকে হোটেলের ১২০৮ নম্বর কক্ষে ওঠা গ্রাহক ইন্টারকমে কাউন্টারে জানান যে তাঁর বাথরুমের কমোডে রক্ত দেখা গেছে। তখন ওয়ার্ডবয় গিয়ে কমোডে রক্ত দেখে ধারণা করেন, ওই রুমের ওপরে থাকা চায়নিজ রেস্তোরাঁয় মুরগি জবাই করা হয়েছে। সেই রক্ত কমোডে চলে এসেছে। এরপর ওই গ্রাহককে অন্য একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। ওই ১২০৮ নম্বর কক্ষের ওপরেই ট্রাভেল এজেন্সির কার্যালয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ বলেন, ২৬ টুকরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।