হাতিয়ার জলদস্যু সর্দার মুন্সীয়া নিজ বাহিনীর গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর উপকূলীয় এলাকার জল ও বনদস্যু মুন্সীয়া বাহিনীর প্রধান আবদুল মালেক ওরফে মুন্সীয়া (৪৫) ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের দুর্গম কালামচরের আস্তানা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।লুট করা টাকার ভাগবাটোয়ারা নিয়ে বাগিবতণ্ডার জের ধরে নিজের বাহিনীর সদস্যদের অস্ত্রের আঘাতে ও গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ সময় তাঁর অন্যতম সহযোগী আবদুল মান্নান ওরফে মনির ওরফে মুন্নাও গুলিবিদ্ধ হন। মান্নানকে পুলিশ আটক করেছে।হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, মুন্সীয়া হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে হাতিয়া থানায় ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া মুন্সীয়ার বিরুদ্ধে সন্দ্বীপ, চরজব্বার, মনপুরা, চরফ্যাশন, তজুমদ্দিন ও রামগতি থানায় অনেক মামলা রয়েছে বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষচন্দ্র পাল।সুভাষচন্দ্র পাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ গতকাল বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাঁদাবাজি ও ডাকাতির টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরেই মুন্সীয়া খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা করেছেন মুন্সীয়ার সহযোগী আবদুল মান্নান। আসামিদের ১০ জনের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে এবং বাকিদের বাড়ি হাতিয়ায়। আহত মান্নানকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশ মৌসুম সামনে রেখে নোয়াখালীর উপকূলীয় মেঘনা ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ ধরে রাখতে মুন্সীয়া সম্প্রতি সন্দ্বীপসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে জলদস্যুদের নিজ বাহিনীতে নিয়ে আসেন। এরপর তাদের দিয়ে সাগর ও নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতি, লুট ও চাঁদাবাজি শুরু করেন। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে কালামচরের আস্তানায় বসে এ বাহিনীর সদস্যরা চাঁদা ও লুটপাটের টাকার ভাগবাটোয়ারা করছিল। এ সময় মুন্সীয়ার সঙ্গে বাহিনীর নতুন সদস্যদের মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে বাগিবতণ্ডার পর সবাই যার যার অবস্থানে চলে যায়। এরপর রাত দুইটার দিকে নতুন সদস্যদের ১০-১২ জন সশস্ত্র অবস্থায় মুন্সীয়ার আস্তানায় হামলা চালায়। তারা মুন্সীয়াকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় অস্ত্রের আঘাতে ও গুলিতে আহত হন মুন্সীয়ার অন্যতম সহযোগী আবদুল মান্নান। চাঁদাবাজি ও ডাকাতি করে আনা মালামাল ও টাকা-পয়সার হিসাব মান্নানের কাছে থাকত বলে জানা গেছে।গতকাল বিকেলে উপজেলার মাইজচরা গ্রামে নিহত মুন্সীয়ার বাড়িতে গিয়ে কথা হয় তাঁর কনিষ্ঠ স্ত্রী সাজেদা বেগমের সঙ্গে। সাজেদা জানান, রোববার রাতে কন্যাশিশু পপিকে নিয়ে তিনি কালামচরের আস্তানায় স্বামীর সঙ্গে ছিলেন। রাতে খাওয়াদাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। সাজেদা বলেন, ‘রাত দুই-তিনটার দিকে হঠাৎ গুলির আওয়াজ হুনি আঁর ঘুম ভাইঙ্গা যায়। আঁর পাশে মাথায় গুলিবিদ্ধ মুন্সিকে নাড়াচাড়া কইরা দেখি, তিনি মারা গেছেন। হেলাল ও আবুসহ ১২ জন আইস্যা আঁরে ঘিরে ফেলে। তারা টাকা চায়। টাকা না দিলে তারা আঁরেও মাইরা ফেলার হুমকি দেয়। আঁই কছম খাইয়া বলি, আঁর কাছে কোনো টাকা নাই। তারা মৃত মুন্সির মাথার পাশে থাকা একটি মানিবেগ পায়। তারা মানিবেগটি লইয়া যায়। ওই বেগে দেড় লক্ষ টাকা ছিল। এ ছাড়া তারা আঁর গলার স্বর্ণের চেইন (এক ভরি), মুন্সির দুইটা রিং, তিনটা মোবাইল ফোন এবং আঁর একটি মোবাইল নিয়া যায়। তারা দুইটা ট্রলার, একটা সোলার, চারটা বেটারি, মুন্সী ও তাঁর দেহরক্ষীর দুইটা অস্ত্র (নাম বলতে পারেন না), ১০টা বিচি (গুলি) ও পাঁচ বস্তা চাউল লইয়া যায়।’মুন্সীয়া চোরার উত্থান: মুন্সীয়া ২০-২৫ বছর আগে এলাকায় ছোটখাটো চুরির পাশাপাশি গরু-মহিষ চুরি করতেন। সেই থেকে এলাকায় তাঁর নাম ‘মুন্সীয়া চোরা’। এরপর ধীরে ধীরে তিনি হাতিয়ার বিভিন্ন চরের বন কেটে বিক্রির পাশাপাশি চরের জমি দখল এবং উপকূলীয় এলাকায় নিজস্ব ডাকাত বাহিনী গড়ে তোলেন। মুন্সীয়া বাহিনী হয়ে ওঠে হাতিয়ার বিভিন্ন চরসহ পুরো নোয়াখালী উপকূলের কয়েকটি দস্যু বাহিনীর অন্যতম। গত বছরের ১৮ মে সন্দ্বীপের মাকছুদ ও ইব্রাহিম বাহিনী কালামচরে মুন্সীয়ার আস্তানায় হামলা করলে মুন্সীয়া উপকূলের বিভিন্ন জলদস্যু বাহিনীর সহযোগিতায় মাকছুদ ও ইব্রাহিমসহ ১৭ জনকে হত্যা করেন।একই বছরের ৬ জুলাই উপকূলীয় এলাকার আরেক দস্যু বাহিনীর প্রধান বাশার মাঝি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর উপকূলের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ চলে যায় মুন্সীয়া বাহিনীর হাতে। হাতিয়ার কালামচর, জাহাইজ্জার চরসহ বিভিন্ন দুর্গম চরের আস্তানা থেকে নদীপথের বেশির ভাগ অপরাধ নিয়ন্ত্রণ করতে শুরু করেন মুন্সীয়া।গত ৭ এপ্রিল কালামচরে মুন্সীয়ার আস্তানায় অভিযান চালিয়ে র্যাবের একটি দল দেশি-বিদেশি অনেক অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে ওই সময় মুন্সীয়াকে গ্রেপ্তার করতে পারেনি র্যাব।