হাতিয়ায় দস্যুদের বন্দুকযুদ্ধ, ৬ জন নিহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের চরবাশারের দখল নিয়ে গত সোমবার রাতে দুই দল দস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় শিশুসহ ছয়জন নিহত ও দুজন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৪০), লিটন (৪০), মহিউদ্দিন (৩৫), গিয়াস উদ্দিনের ছেলে রায়হান (৮), ভুট্টু (৪০) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। আহত ব্যক্তিরা হলেন, মো. টিপু (২৮) ও সেলিম (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নাসির বাহিনীর ২০ থেকে ২৫ জন সশস্ত্র সদস্য চরবাশারে হামলা চালায়। তারা মুন্সিয়া বাহিনীর ‘ইউনিট কমান্ডার’ গিয়াসের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে নাসির বাহিনীর সদস্যরা গিয়াস ও তাঁর লোকজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ছাড়া গিয়াসের বসতঘরে আগুন দিলে তাঁর ছেলে রায়হান পুড়ে মারা যায়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ঘটনাস্থল থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার (এএসপি) হারুন-উর-রশীদ হাযারী জানান, দুই দল দস্যুর মধ্যে গোলাগুলি ও আগুনে ছয়জন নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা হয়নি।ওসি বলেন, এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি একনলা বন্দুক ও গুলির পাঁচটি খোসা উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত, হাতিয়ার চরাঞ্চল দখল নিয়ে মুন্সিয়া ও নাসির বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, দখল-পাল্টা দখল চলে আসছিল। মুন্সিয়া বাহিনীসহ চার-পাঁচটি সহযোগী বাহিনী গত নভেম্বরের শেষ দিকে নাসির বাহিনীকে হটিয়ে চানন্দী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল দখলে নেয়। পুলিশ ও অন্যান্য সূত্রের ধারণা, হাতিয়া পৌরসভার নির্বাচন উপলক্ষে এসব বাহিনীর অধিকাংশ সদস্য সোমবারের মধ্যে হাতিয়ায় চলে আসে। এ সুযোগে প্রতিপক্ষ নাসির বাহিনীর সদস্যরা এ হত্যাকাণ্ড চালায়।