হাতিয়ায় রাজনীতি ও দস্যিপনা
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সদা তৎপর জলদস্যুদের পেছনে আছে সক্রিয় রাজনৈতিক মদদ। বর্তমানে আলোচনায় থাকা নাসির বাহিনী আর নিজাম বাহিনীর আক্রমণ ও পাল্টা আক্রমণে গত এক বছরে খুন হয়েছে অন্তত ৩২ জন। আহত হয়েছে কয়েক শ লোক। আছে গুম-অপহরণের অভিযোগও। জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় সূত্রগুলোর তথ্য হলো, জলদস্যু নাসির বাহিনীর প্রতি সমর্থন রয়েছে সাংসদ ফজলুল আজিম, হাতিয়া উপজেলার চেয়ারম্যান ওয়ালী উল্লাহ ও সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান খায়রুল আনাম সেলিমের। আর নিজাম ডাকাত বাহিনী সমর্থন পাচ্ছে সাবেক সাংসদ মোহাম্মদ আলীর। রাজনৈতিক এই সমর্থন প্রভাবিত করছে প্রশাসনকেও। ফলে প্রায় পাঁচ লাখ মানুষের দ্বীপ হাতিয়া সব সময়ই থাকছে অশান্ত। নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী জানান, হাতিয়ায় পুলিশের পর্যাপ্ত লোকবল নেই। তার ওপর দূরত্ব ও ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে অপরাধীরা অপকর্ম করে অনায়াসে পালিয়ে যাচ্ছে। যে কারণে গত এক বছরে পুলিশের প্রায় সবগুলো অভিযানই কার্যত ব্যর্থ হয়েছে। গত ২৩ আগস্ট নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেনের নেতৃত্বে ৬০ সদস্যের একটি বাহিনী জাহাজ্যার চরে জলদস্যুদের মূল আস্তানায় অভিযান চালায়। এটি তখন দস্যু নিজামের দখলে ছিল। কিন্তু টের পেয়ে অভিযানের আগেই দস্যুরা কেটে পড়ে। তবে স্থানীয় লোকজন জানান, পুলিশের ওই অভিযানের কারণে জলদস্যুদের উৎপাত আপাতত বন্ধ আছে। পুলিশের তৎপরতা কমে এলে দস্যুদের তৎপরতা বাড়ে। এদিকে ১০ সেপ্টেম্বর জলদস্যু নাসির কেরানির স্ত্রী জীবনা খাতুন অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার থেকে র্যাব-৭-এর সদস্যরা ধরে নিয়ে গেছেন। কিন্তু তখন যোগাযোগ করা হলে র্যাব-৭ থেকে জানানো হয়েছে, এ রকম কোনো ঘটনা ঘটেনি। জলদস্যু বাশার মাঝি খুন হওয়ার পর ওই বাহিনীর এক অংশের নেতৃত্ব দিচ্ছেন নাসির। তিনি বাশার বাহিনীর টাকা-পয়সার হিসাব রাখতেন বলে ‘কেরানি’ নামে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিরোধ থেকে দস্যু পালন!: স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর মতে, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী একই দলের প্রার্থী ওয়ালী উল্লাহ এবং বিএনপির প্রার্থী ফজলুল আজিমকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। তখন থেকে ওয়ালী উল্লাহ ও মোহাম্মদ আলীর বিরোধের শুরু। গত সংসদ নির্বাচনে মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় নোয়াখালী-৬ আসনে আওয়ামী লীগ মোহাম্মদ আলীর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী আয়েশা ফেরদৌসকে সমর্থন দেয়। কিন্তু ওয়ালী উল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ সমর্থন দেয় বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিমকে। নির্বাচনে ফজলুল আজিম বিজয়ী হন। ২০১০ সালের ২৬ আগস্ট নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের কারণে হাইকোর্ট ফজলুল আজিমকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। আজিম এর বিরুদ্ধে আপিল করায় মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই পরিস্থিতিতে হঠাৎ হাতিয়ায় জলদস্যুদের তৎপরতা বাড়তে শুরু করে বলে প্রশাসন ও রাজনৈতিক সূত্রগুলো জানায়। তাদের ব্যাখ্যা হচ্ছে, ফজলুল আজিমের সঙ্গে বিএনপি নেই। আবার মোহাম্মদ আলীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেই। ফলে দুই নেতাই এলাকায় আধিপত্য ধরে রাখতে দস্যুদের ওপর ভর করেছেন। মোহাম্মদ আলীকে দুর্বল করতে আওয়ামী লীগের নেতা ওয়ালী উল্লাহ আর খায়রুল আনাম সেলিমের সমর্থন নেন ফজলুল আজিম। ওয়ালী উল্লাহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সেলিম জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। মোহাম্মদ আলী জেলার জ্যেষ্ঠ সহসভাপতি। হাতিয়ার অস্থিরতা সম্পর্কে সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, চরের দখল এবং নদীপথে কোটি কোটি টাকার চাঁদা-বাণিজ্যকে কেন্দ্র এই এলাকায় দীর্ঘদিন ধরে জলদস্যুরা তৎপরতা চালাচ্ছে। আর নিজেদের ভোটব্যাংক রক্ষা করতে গিয়ে রাজনৈতিক নেতারা জলদস্যুদের ব্যবহার করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাতিয়ার রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক, দলকেন্দ্রিক নয়। জেলার রাজনীতিতে হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীকে কোণঠাসা করার জন্যই জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান খায়রুল আনাম সেলিম, হাতিয়া উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহ, চর কিংয়ের চেয়ারম্যান ও ওয়ালী উল্লাহর ভাতিজা মোহাম্মদ মহিউদ্দিন বর্তমানে রাজনৈতিক ও প্রশাসনিক সমর্থন দিয়ে যাচ্ছেন হাতিয়ার স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমকে। তাঁদের প্রতি নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীরও সমর্থন রয়েছে। তবে সমর্থনের এ অভিযোগ অস্বীকার করে একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাতিয়াকে দলীয়ভাবে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানকার রাজনীতিতে আমার কোনো ভূমিকা নেই। হাতিয়ার নেতাদের কেউ কেউ মনে করেন, রাজনীতি করার জন্য বাহিনীর প্রয়োজন আছে। কিন্তু আমি তা মনে করি না।’ওয়ালী উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সবই পুলিশের অপব্যাখ্যা। জলদস্যুদের সঙ্গে আজিম, খায়রুল আনাম বা আমার কোনো সম্পৃক্ততা নেই। বরং মোহাম্মদ আলী এবং পুলিশ সুপার হারুন হাযারী জলদস্যুদের লালন-পালন করছেন।’ জলদস্যুদের সঙ্গে সম্পৃক্ততা সম্পর্কে ফজলুল আজিম প্রথম আলোকে বলেন, ‘আমি নাসির কেরানি বা কোনো জলদস্যুকে চিনি না। রাজনীতি করার জন্য আমার জলদস্যুদের প্রয়োজন নেই। কারণ, সব ডাকাতের চরিত্র হলো মানুষ খুন করা।’ পাল্টা অভিযোগ করে ফজলুল আজিম বলেন, ‘হাতিয়ার নৌপথে যে চাঁদাবাজি হয়, তা ভাগাভাগি করে নেয় নোয়াখালীর পুলিশ সুপার হারুন হাযারী ও মোহাম্মদ আলী। হারুন হাযারী জলদস্যুদের তথ্য সরবরাহ করে বলেই র্যাব এখনো জলদস্যুদের জব্দ করতে পারেনি। গত ১৫ মে আমার হাতিয়ার বাসায় হামলা হয়। আমি স্থানীয় পুলিশের কোনো সহযোগিতা পাইনি।’ফজলুল আজিমের অভিযোগ সম্পর্কে মোহাম্মদ আলী বলেন, ‘জলদস্যুদের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। আসলে জেলার রাজনীতিতে আমাকে কোণঠাসা করার জন্য প্রতিপক্ষ আমার নামে অপপ্রচার চালাচ্ছে।’পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী বলেন, ‘আমি সাংসদ ফজলুল আজিমের কথামতো কাজ করিনি বলেই তিনি এসব কথা বলছেন। আসলে জলদস্যুদের তৎপরতার জন্য পুলিশের দায়িত্বে কোনো অবহেলা নেই। রাজনৈতিক নেতারা পৃষ্ঠপোষকতা বন্ধ করলে জলদস্যুদের উৎপাত স্বাভাবিক নিয়মেই কমে যাবে।’ জামিন থেকে যায় জানা: সরেজমিনে জানা গেছে, ফজলুল আজিম ও মোহাম্মদ আলীর বিরোধের জের হিসেবে চলতি বছরের ১৮ জানুয়ারি পৌরসভা নির্বাচনের দিন ভোরে উত্তর হাতিয়ার চরবাশারে হানা দিয়ে নাসির বাহিনীর সদস্যরা গিয়াস বাহিনীর সরদার গিয়াস, তাঁর ১২ বছরের ছেলেসহ মোট ছয়জনকে হত্যা করেন। স্থানীয় লোকজন জানান, গিয়াস ছিলেন মোহাম্মদ আলীর সমর্থক। গত বছরের ১৪ অক্টোবর নিজাম ডাকাতের লোকজনকে সঙ্গে নিয়ে নাসির বাহিনীকে আক্রমণ করতে গিয়ে পাল্টা হামলায় জনতা বাজারের অদূরে মোহাম্মদ আলীর সাত সমর্থককে হত্যা করা হয়। এরপর দুই পক্ষ দরবেশ বাজারে লুটপাট করে। সাত খুনের মামলায় নাসির বাহিনীর প্রধান নাসির এক নম্বর এবং তাঁর বাহিনীর সদস্য বোরহান শিকদার দুই নম্বর আসামি। নিজেকে ফজলুল আজিমের সমর্থক দাবি করে বোরহান শিকদার প্রথম আলোকে বলেন, ‘আমি ভালো হয়ে গেছি। এখন আর ডাকাতি করি না। রাজনীতি করি।’ দরবেশ বাজারে লুটপাট এবং ভূঁইয়াপুরে আগুন দেওয়া সম্পর্কে তিনি দাবি করেন, ‘প্রথমে মোহাম্মদ আলীর সমর্থকেরা এসে দরবেশ বাজারে লুটপাট করে। পাল্টা হিসেবে আমরা আলীর সমর্থকদের বাড়িতে আগুন দিয়েছি।’ পাল্টাপাল্টি হামলা মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেন। প্রশাসন সূত্র জানায়, ফজলুল আজিম ও মোহাম্মদ আলী এসব জামিনের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করেন। হাতিয়া থানা সূত্র জানায়, বিভিন্ন মামলায় ফজলুল আজিমের পক্ষের ৯৬ জন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মোহাম্মদ আলীর পেয়েছেন ২০ জন। জানতে চাইলে ফজলুল আজিম বলেন, ‘ঢাকায় ব্যবসা করে, জীবনে কখনো হাতিয়ায় যায়নি আমার এমন আত্মীয়স্বজনের নামে মামলা করেছে মোহাম্মদ আলীর লোকজন। ওরা নিজেরাই হাইকোর্ট থেকে জামিন নিয়েছে।’ আর মো?হাম্মদ আলী বলেন, ‘ফজলুল আজিমের লোকজন নিরীহ মানুষের নামে মামলা করেছে। সবার জামিন করানো তো সম্ভব নয়। তবে সহায়-সম্বলহীন কিছু লোকের জামিনের ব্যাপারে আমি সহযোগিতা করেছি।’