হাতিয়ায় সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৭
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা আজ বুধবার তৃতীয় দিনেও বলবত্ রয়েছে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ পাল আজ দুপরে প্রথম আলোকে জানান, পুলিশ গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—নবির উদ্দিন, স্বপন, আকবর, আলাউদ্দিন, সুমন, আমীর ও মনির।উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনর রশিদ প্রথম আলোকে জানান, হাতিয়ার পরিস্থিতি ভালো হয়ে আসছে। তিনি আজ রাতে ১৪৪ ধারা প্রত্যাহারের ইঙ্গিত দেন।প্রসঙ্গত, গত সোমবার হাতিয়ার সাবেক সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতির সমর্থকরা স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের বাসায় হামলা চালায়। এরপর ফজলুল আজিম ও মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। ওসি সুভাষ পাল জানান, সহিংসতার ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি মামলা করে। সাংসদ ফজলুল আজিমের বাসায় হামলার ঘটনায় হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদ উদ্দিন সাবেক সাংসদ মোহাম্মদ আলী, আবদুল মালেক ওরফে মুন্সিয়া চোরা, নিজাম ডাকাতসহ ১৪৮ জনকে আসামি করে একটি মামলা করেন। পৌরসভার মেয়র এ কে এম ইউছুফ আলী বাদী হয়ে হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফুদ্দিন, তাঁর ভাই জিয়াউদ্দিন ও উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালী উল্লাহর ছেলে শিবলুসহ ৬৭ জনকে আসামি করে হাতিয়া থানায় আরেকটি মামলা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই এ দুই মামলার আসামি।