হাতিয়ায় সাংসদ আজিমের বাড়িতে ইটপাটকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলীর সমর্থকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ ঘটনার সময় সাংসদ আজিমের বাড়িতে ইটপাটকেলও নিক্ষেপ করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ৫১টি ফাঁকা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের ১২টি শেল নিক্ষেপ করে। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে মোহাম্মদ আলীর সমর্থকেরা হাতিয়া উপজেলা সদরে সাংসদ আজিমের সমর্থক ইউসুফ জারদারিকে মারধর করে। এ নিয়ে আজিমের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলীর চার শতাধিক সমর্থক উপজেলা সদরের প্রধান সড়কে সাংসদ আজিমের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে মোহাম্মদ আলীর সমর্থকেরা সাংসদ আজিমের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। এর মধ্যে ১৬ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে শটগানের ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।সূত্র জানায়, দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনের ছোট ভাই সায়েফ উদ্দিনের সমর্থকেরা সাংসদ আজিমের পক্ষে অবস্থান নেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশীদ মাইকিং করে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।দুপুর একটার দিকে জেলা পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ হাতিয়া উপজেলা সদরে পৌঁছায়। গতকাল রাত পর্যন্ত উপজেলা সদরে এবং আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।সাংসদ ফজলুল আজিম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মোহাম্মদ আলীর পালিত ডাকাত মুন্সিয়া বাহিনীর ক্যাডারেরা উপজেলা সদরে সকালে আমার সমর্থক জারদারিকে মারধর করে। পরে বিনা উসকানিতে আমার বাড়িতে হামলা চালায় এবং লোকজনকে মারধর করে ত্রাস সৃষ্টি করে। মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, আমার কোনো লোক আজিমের বাড়িতে প্রথমে একটি ঢিলও ছোড়েনি। আজিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর লোকেরাই আমার সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস চন্দ্র পাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। গত রোববার এবং গতকালের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।ইউএনও হারুনুর রশীদ প্রথম আলোকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ থাকবে। এর আগে গত রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলীর সমর্থকদের সঙ্গে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। ওই ঘটনায় রোববার রাত আটটা থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত উপজেলা সদরের কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন।