হাতিয়ায় সি-ট্রাক ডুবে মৃত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি সি-ট্রাক ঝড়ের কবলে পড়লে এর কিছু অংশ নদীতে ডুবে যায়। এতে বেশ কিছু যাত্রী নদীতে ছিটকে পড়লে অন্তত আটজনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর গতকাল রোববার নলচিরা ঘাটের কাছ থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া লাশের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে চারটি শিশু। তারা হলো জাহাজমারা এলাকার সোনিয়া (দেড় বছর), বুড়িরচরের সাগরিয়া এলাকার ইব্রাহিম ও তার যমজ ভাই সাকিব (৩) এবং বুড়িরচরের রেহানিয়া এলাকার আব্বাস (১)। অপর দুজন হলেন চর ঈশ্বরের লক্ষ্মীদিয়া এলাকার দুলশিবালা দাস (৬০) ও পৌরসভার চর কৈলাশ এলাকার রোকেয়া বেগম (৩০)। বাকি দুজনের লাশ স্বজনেরা নিয়ে গেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে যাওয়া সি-ট্রাক এমভি সালাম বেলা ১১টার দিকে নলচিরা ঘাটের কাছাকাছি গিয়ে পৌঁছে। এ সময় কালবৈশাখী শুরু হলে সি-ট্রাকটি ঘাটে ভেড়ার আগেই কাত হয়ে এর কিছু অংশ নদীতে ডুবে যায়। এতে বেশ কিছু যাত্রী ছিটকে নদীতে পড়েন। সূত্র জানায়, যাত্রীদের অনেকেই সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও কিছু যাত্রী স্রোতের তোড়ে ডুবে যান। দুর্ঘটনার পর আশপাশের লোকজন, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে আটজনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় সি-ট্রাকের অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে ২৫ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। তবে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, আর কোনো যাত্রী নিখোঁজ রয়েছে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মাহফুজুল ইসলাম জানান, ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তাঁরা বিকেল চারটা পর্যন্ত সন্ধান চালিয়েছেন। নতুন করে কোনো লাশ পাওয়া যায়নি। তবে এখনো তাঁরা সেখানে নজর রাখছেন।