নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি নির্বাচনে স্থগিত কেন্দ্রে আজ শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে সদস্যপদে শাহাজাহান, সংরক্ষিত মহিলা আসনে ছায়েরা খাতুন বিজয়ী হয়েছেন।তবে সকালে কেন্দ্রের এক-দেড় কিলোমিটার দূরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকেরা ভোটারদের মারধর ও বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুল হাসান জানিয়েছেন, আজ সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে সাধারণ সদস্যপদে শাহাজাহান ৬২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাহার উদ্দিন পান ৩৬৪ ভোট। চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী এ কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হয়নি। মহিলা সদস্য পদে ছায়েরা খাতুন ৭৮৭ ভোট পেয়ে পূর্বের দুই কেন্দ্রের ফলাফলসহ বিজয়ী হন।প্রসঙ্গত, গত ২৯ মার্চ ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় একদল উচ্ছৃঙ্খল লোক ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপারের বস্তা ও নির্বাচনী সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়। এরপর নির্বাচন কমিশন কেন্দ্রটির নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে।