নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে গতকাল সোমবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংসদ আজিমের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। এ ঘটনায় উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা আজ মঙ্গলবারও বহাল রয়েছে।এদিকে আজ ১৪৪ ধারা চলার সময়ও বিকেল তিনটার দিকে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সমর্থক ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আলীর তিনজন সমর্থক গুরুতর আহত হন। তাঁরা হলেন নাছির উদ্দিন (৪০), তাঁর ছেলে কামরুল (১৮) ও ভাতিজা মো. আসিক (২৬)।এ ব্যাপারে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম প্রথম আলোকে জানান, তিনি হাতিয়ায় অবস্থান করছেন। তবে সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। অন্যদিকে, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী জানান, হাতিয়ার পরিস্থিতি ভালো নয়। দুপুরেও তাঁর তিন সমর্থককে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করেছে সাংসদের লোকেরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশীদ আজ প্রথম আলোকে বলেন, ‘আবার যেকোনো সময় সাংসদের বাসায় হামলার আশঙ্কায় এখনো ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা বহাল থাকবে।’হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ পাল বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ তিনি আরও জানান, গতকাল সোমবারের সহিংস ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এর একটিতে ৬৭ জন এবং অন্যটিতে ১৪৮ জনকে আসামি করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সংঘর্ষের ঘটনায় আজ দুপুরে হাতিয়া উপজেলার চেয়ারম্যান মো. ওয়ালিউল্লাহ তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি অনতিবিলম্বে হাতিয়ার বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানান। অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে হাতিয়ার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।সাংসদ ফজলুল আজিম অভিযোগ করেন, ‘মোহাম্মদ আলীর পালিত ডাকাত মুন্সি বাহিনীর সদস্যরা আমার বাসায় সশস্ত্র হামলা চালায়।’প্রসঙ্গত, গতকাল সকাল সাড়ে ১০টায় হাতিয়া উপজেলা সদরে সাংসদ আজিম ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৩৫ জন আহত হয়। এর পর থেকে উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।