হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ বাশার মাঝি নিহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের চরনঙ্গলিয়ায় গতকাল মঙ্গলবার ভোরে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল বাশার ওরফে বাশার মাঝি (৫০) নিহত হয়েছেন। র্যাব ও পুলিশের ভাষ্যমতে, বাশার মাঝি নোয়াখালীর এক নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী এবং বন ও জলদস্যু-সর্দার।র্যাবে কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ ও কনস্টেবল সারোয়ার বন্দুকযুদ্ধে আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও চারটি কিরিচ উদ্ধার করা হয়।পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে জানান, বাশার মাঝির নামে নোয়াখালীর হাতিয়া, সুধারাম ও চরজব্বার থানায় খুন, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, এসিড নিক্ষেপ, অস্ত্র-বিস্ফোরকসহ ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে বনকর্মী আবুল কাশেম হত্যা মামলায় যাবজ্জীবন এবং অন্য একটি হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল বাশার মাঝিকে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে চানন্দী ইউনিয়নের চরবাশারে বনদস্যু-সর্দার বাশার মাঝির আস্তানা ঘিরে ফেলেন র্যাব ও পুলিশের সদস্যরা। রাত তিনটায় তাঁকে আটক করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাশার বাহিনীর ক্যাডাররা ভোর পাঁচটার দিকে চরনঙ্গলিয়ার ভূমিহীন বাজারের পাশে জড়ো হয়ে র্যাব ও পুলিশের ওপর গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে বাশার মাঝি নিহত হন।তবে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) জামিল হোসেন জানান, র্যাব-পুলিশের ২০ জনের একটি দল ভোর পাঁচটার দিকে চরনঙ্গলিয়ায় যায়। টের পেয়ে বাশার মাঝির বাহিনীর ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল র্যাব-পুলিশকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। জবাবে র্যাব ও পুলিশ ৩০টির মতো গুলি ছোড়ে। গোলাগুলির শেষে ভূমিহীন বাজারের পূর্ব পাশে বাশার মাঝির লাশ পড়ে থাকতে দেখা যায়।নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বেলা তিনটার দিকে হাতিয়া ও চরজব্বার থানা পুলিশের পাহারায় বাশার মাঝির লাশ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে বাশার মাঝির দুই মেয়ের জামাতা রবিউল হোসেন ও নূর নবী তাঁর লাশ গ্রহণ করেন। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাশার মাঝিকে দাফন করা হয়।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধার ও বাশার মাঝির নিহতের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।যেভাবে উত্থান: হাতিয়া উপজেলার পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের জমাদার বাড়িতে বাশার মাঝির জন্ম। তাঁর বাবা আলী আহাম্মদ মারা গেছেন। তাঁরা দুই ভাই ও তিন বোন। সংসারে স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়ে রয়েছে। ১০ বছর ধরে নঙ্গলিয়ার চরের চরবাশার গ্রামে বাশার মাঝি বসবাস করতেন।২০০০ সালের আগে পর্যন্ত চরমজিদের সন্ত্রাসী রেনু মেম্বারের নৌকার মাঝি ছিলেন বাশার। একই সঙ্গে তিনি রেনু মেম্বারের বাহিনীর দ্বিতীয় প্রধান ছিলেন। একপর্যায়ে রেনু মেম্বারের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০০০ সালে আলাদা বাহিনী গঠন করেন বাশার মাঝি। পরে রেনু মেম্বারের সঙ্গে তাঁর বাহিনীর তীব্র দ্বন্দ্ব বাধে। ২০০৮ সালে রেনু মেম্বার সন্ত্রাসীদের হাতে নিহত হন। অভিযোগ রয়েছে, এ হত্যাকাণ্ডে বাশার মাঝির হাত ছিল।রেনু মেম্বারের মৃত্যুর পর বাশার মাঝির বাহিনী হাতিয়ার চানন্দী ইউনিয়নের নঙ্গলিয়ারচর, নলিরচর, ক্যারিংচরসহ বিভিন্ন চরাঞ্চলে এবং মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ডাকাতি, হত্যা, ধর্ষণ, লুটপাট ইত্যাদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে। শীর্ষস্থানীয় সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করেন বাশার মাঝি। ১০ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাশার মাঝিকে ধরার জন্য বহু অভিযান চালিয়ে ব্যর্থ হয়।