হাতীবান্ধা: নিপাহ ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (জুনোসিস বিভাগ) সুবোধ কুমার কুণ্ডু জানিয়েছেন, লালমনিরহাটের হাতীবান্ধায় গত চার দিনে নিপাহ ভাইরাসঘটিত এনকেফালাইটিসে আক্রান্ত হয়েই ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় হাতীবান্ধার প্লান বাংলাদেশ নামের একটি বেসরকারি সাহায্য সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিকে, কাল শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় দিন ছুটি ঘোষণা করা হয়েছে। বিকেল সাড়ে পাঁচটায় হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির জরুরি সভায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুবোধ কুমার কুণ্ডু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাতীবান্ধায় আসার পর মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রোগীদের রক্ত, কফ ইত্যাদি ঢাকার গবেষণাগারে পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। হাতীবান্ধা উপজেলার প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে হাতীবান্ধার ইউএনও আশরাফুজ্জামান বলেন, লালমনিরহাট-১ আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের পরামর্শে উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায়, আজ জুমার নামাজের পর হাতীবান্ধা উপজেলার সব মসজিদে রোগমুক্তি ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মসজিদের ইমামরা স্বাস্থ্য বার্তা নিয়ে সচেতনতামূলক আলোচনাও করেন।