হাতীবান্ধায় আরও তিনজনের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ১২।এর আগে গত মঙ্গল ও বুধবার ওই উপজেলার বিভিন্ন গ্রামের নয়জন মারা যায়।এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা থেকে যাওয়া রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিশেষজ্ঞ দল হাতীবান্ধায় মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুবোধ কুমার কুন্ড বিশেষজ্ঞ দলটির নেতৃত্ব দিচ্ছেন।সুবোধ কুমার কুন্ড গতকাল প্রথম আলোকে বলেন, পশুপাখির লালা থেকে এ রোগের ভাইরাস ছড়ায়। সুস্থ মানুষ যাতে এ রোগে আক্রান্ত না হয়, সে জন্য হাত পরিষ্কার করে ধুতে হবে। খালি হাতে সন্দেহজনক রোগীকে স্পর্শ করা যাবে না। আক্রান্ত রোগী থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। তিনি আরও বলেন, এ রোগে আক্রান্ত ব্যক্তিদের শ্লেষ্মা, কফ, থুতু, বমি, মলমূত্র, রক্ত ইত্যাদি বিপজ্জনক। তাই রোগীর যত্ন নেওয়ার সময় নাক ও মুখ ঢেকে হাতে দস্তানা (গ্লাভস) ব্যবহার করতে হবে।এনকেফালাইটিসে নতুন যে তিনজন মারা গেছেন, তাঁরা হলেন উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের জাফর আলী (৪০), পশ্চিম বেজগ্রামের আবদুল করিম (২২) ও টংভাঙ্গার স্কুলশিক্ষক অশোক কুমার ঘোষের মেয়ে অনন্যা (৪)।হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাফর আলী গত বুধবার রাত পৌনে ১০টায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অনন্যা ও আবদুল করিম গতকাল বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অনন্যার ভাই অরণ্য (৮) মঙ্গলবার একই হাসপাতালে মারা যায়।অরণ্য ও অনন্যার বাড়িতে গতকাল গিয়ে দেখা যায়, দুই সন্তান হারিয়ে তাদের মা তাপসী রানী (২৩) বারবার মূর্ছা যাচ্ছেন। বিলাপ করে তিনি বলছিলেন, ‘আমার ছেলে গেল, মেয়েও বেঁচে নেই, কার জন্য বেঁচে থাকব।’এ সময় অরণ্যদের বাড়িতে এক হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশী স্কুলশিক্ষক স্বপন কুমার দে বলছিলেন, ‘ভগবান কেন যে ওদের পৃথিবীতে পাঠালেন, আবার কেনই বা সবাইকে কাঁদিয়ে নিয়ে গেলেন, তার রহস্য বোঝা ভার।’হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে ওই হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন। তাঁরা হলেন উপজেলার পাটিকা পাড়ার রোকেয়া (৩২), পশ্চিম বেজগ্রামের রমজান আলী (৩৭), বারইপাড়া গ্রামের আসমা খাতুন (২৫), মধ্য গড্ডিমারী গ্রামের সুমী (২০) ও ফয়েজ উদ্দিন (২০)। এ ছাড়া গেন্দুকুড়ি গ্রামের কুলছুমকে (১৬) গতকাল আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এদিকে দক্ষিণ গড্ডিমারী গ্রামের সুদীপ্তকে (১০) গুরুতর অবস্থায় বুধবার রাতে রংপুর মেডিকেল থেকে ঢাকার শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় ধানমন্ডির একটি হাসপাতালে। সুদীপ্তকে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানা গেছে।গতকাল রংপুর মেডিকেলে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসাধীন রয়েছে দক্ষিণ গড্ডিমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের দুই শিশুসন্তান জুঁই (৫) ও স্মরণী (৩)।হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কুমার বর্মণ জানান, রোগের কারণ নির্ণয় ও নিয়ন্ত্রণ-পদ্ধতি নিয়ে ঢাকা থেকে যাওয়া বিশেষজ্ঞ দলটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। দলের সদস্যরা মৃত জাফর আলী ও সাজ্জাদ হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন।রংপুর মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এনকেফালাইটিস চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা ছাড়াই রোগ নির্ণয় কীভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা ছাড়াও এ রোগ নির্ণয় করা সম্ভব। যেমন, এ রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রচণ্ড জ্বর হয়। সেই সঙ্গে শরীরে খিঁচুনি ও মাথাব্যথা দেখা দেয়। আক্রান্ত ব্যক্তিদের ঘটে স্মৃতিভ্রম।এ রোগের হাত থেকে বাঁচতে সাবধানতা হিসেবে ঢাকা থেকে যাওয়া বিশেষজ্ঞ দলটি হাতীবান্ধার বিভিন্ন স্থানে একটি লিফলেট বিতরণ করছে। ১২টি করণীয়-সংবলিত এ লিফলেটে পরামর্শ হিসেবে পাখির অর্ধভুক ফল না খাওয়া, বাদুড় যাতে খেজুরের রস খেতে না পারে সে জন্য হাঁড়ির মুখ ও রস উৎপন্ন হওয়ার জায়গা কাপড় দিয়ে ঢেকে রাখা এবং খেজুরের রস ফুটিয়ে খাওয়ার কথা বলা হয়েছে।