হাতীবান্ধায় এনকেফালাইটিসে আরও তিনজনের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এনকেফালাইটিসে (মস্তিষ্কে এক ধরনের প্রদাহ) আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবারসহ তিন দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ১২। এর মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে তিনজন। গতকাল বুধবার রাত ও আজ সকালে মৃত তিনজন হলেন—হাতীবান্ধার পশ্চিম বেজগ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল করিম(২২), ও অশোক কুমারের মেয়ে অনন্যা (৪) এবং দক্ষিণ গুড্ডিমারীর জাফর আলী। জানা যায়, এদের মধ্যে প্রথম দুজন গতকাল গভীর রাতে ও আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আর জাফর গতকাল রাতে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। এ তিনজনের মৃত্যুর খবরটি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল রায় বর্মণ নিশ্চিত করেছেন।এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইসিডিডিআরবি) আট সদস্যের বিশেষজ্ঞ দল সকালে হাতীবান্ধায় পৌঁছেছেন। জানতে চাইলে রংপুর মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত চিকিত্সক প্রবাল সূত্রধর বলেন, এটি এনকেফালাইটিস রোগ। আক্রান্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব চিকিত্সা নেওয়া দরকার। একই মন্তব্য করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল রায় বলেন, এ রোগের ফলে জ্বরের পাশাপাশি মাথাব্যথা হয়। কোনো কোনো ক্ষেত্রে রোগী অজ্ঞানও হয়ে পড়ে।