হাতীবান্ধায় এনকেফালাইটিসে আরও তিনজনের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে এই রোগে মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়াল। তবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।সর্বশেষ যারা মারা গেছে তারা হলো দক্ষিণ গড্ডিমারী গ্রামের নাজির হোসেনের ছেলে মাহবুব হোসেন (১৫), কাজী জাহাঙ্গীর আলমের মেয়ে স্মরণী (৩) এবং আবদুর রহমানের ছেলে মো. আলম (১৬)। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ শনিবার দুপুর একটার দিকে মারা যায় মাহবুব। গতকাল রাতে একই হাসপাতালে মারা যায় স্মরণী। তার বোন জুঁইও (৫) হাসপাতালে চিকিত্সাধীন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিমল কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। আলম গতকাল রাতে তার বাড়িতে মারা যায়।লালমনিরহাট-১ আসনের সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন আজ শনিবার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে চিকিত্সক, জনপ্রতিনিধি, ঢাকা থেকে আগত বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার প্রথম আলোকে জানান, স্থানীয় জনগণকে সচেতন করতে বার্তা প্রকাশ করা হচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণের চেষ্টায় অগ্রগতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন উপজেলার প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।